হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে ইসি

402

ঢাকা সংবাদদাতা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন(ইসি)। জানালেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ(মঙ্গলবার) রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

হেলালুদ্দীন বলেন, স্থানীয় সরকার বিভাগের সব ‘ক্লিয়ারেন্স’ পেয়েই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তারপরও স্থগিত হয়ে যাওয়াটা দুঃখজনক। স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। বিকালে জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে আলোচনা করে পলিসি ঠিক করা হবে।

হাইকোর্টের আদেশে নির্বাচন স্থগিতের দুই দিন পর এ সিদ্ধান্তের কথা জানাল নির্বাচন কমিশন।

এদিকে, হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে সোমবার আপিল করেছেন বিএনপি দলীয় প্রার্থী হাসান উদ্দিন সরকার।

আজ(মঙ্গলবার) এর শুনানি হববার কথা রয়েছে।

এর আগে সোমবার বেলা ১২টার দিকে চেম্বার আদালতে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের আইনজীবী সগির হোসেন লিয়ন আবেদন করেন।

হাসান উদ্দিন সরকারের পক্ষে আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আওয়ামী লীগের মেয়র প্রাথী জাহাঙ্গীর আলমও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে একই আবেদন করবেন বলে জানিয়েছেন।

সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এবিএম আজহারুল ইসলাম সুরুজ হাইকোর্টে রোববার রিট করেন। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী বিএম ইলিয়াস কচি। নির্বাচন স্থগিতে চারটি যুক্তি আদালতে তুলে ধরেন তিনি।

একইদিন রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন।

সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা গেজেট এবং গাজীপুর সিটি নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব (সিটি করপোরেশন-২), ঢাকা জেলা প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়।