২০১৮ সালের মধ্যে প্রাথমিকে শূন্যপদ থাকবে না: গণশিক্ষামন্ত্রী

687

ঢাকা সংবাদদাতা: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। এতে করে ২০১৮ সালের মধ্যে সব প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্যপদ পূরণ করা হবে।

রোববার (৬ মে) বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণশিক্ষা মন্ত্রী বলেন, প্রাথমিকের শুন্যপদ পূরণের যখনই উদ্যোগ নেওয়া হয় তখনই দুষ্ট প্রকৃতির লোকজন তা বন্ধের পাঁয়তারা করেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি ও বিনামূল্যে বছরের শুরুতেই বই বিতরণ করে প্রশংসিত হয়েছে।

প্রতিষ্ঠানের সভাপতি ও বাঙালিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রণোবেশ বাগচী ওরফে দুলাল বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুল আজিজ।

এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান প্রামাণিক প্রমুখ।