ঢাকা সংবাদদাতা: দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং তার সুচিকিৎসার দাবিতে সোমবার ঢাকাসহ সারাদেশে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং তার সুচিকিৎসার দাবিতে সোমবার ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টা থেকে সমাবেশ অনুষ্ঠিত হবে। নির্বাচনের কারণে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরশনে সমাবেশ হবে না বলেও জানান তিনি।
তিনি জানান, সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে আমরা অবহিত করেছি। সিটি করপোরেশনের সাথেও কথা বলেছি।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।















