ঢাকা সংবাদদাতা: দাফনের ১১ দিনের মাথায় ‘মৃত’ খালেককে জীবিত উদ্ধার করেছে কক্সবাজার জেলা ডিবি পুলিশের একটি দল। কক্সবাজার ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ভোররাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকা থেকে আবদুল খালেককে আটক করে পুলিশ। এর আগে কক্সবাজার সদরের ঈদগাঁও কলেজ গেইট ব্রিজ এলাকার খালপাড় থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি মরদেহটিকে খালেক ভেবে দাফন করা হয় গত ২১ এপ্রিল।
এর আগে লাশটিকে সদরের ঝিলংজা ইউপির খরুলিয়া ঘাটপাড় এলাকার মৃত হাজী আবু ছৈয়দের ছেলে আবদুল খালেক (২৮) হিসেবে সনাক্ত করেছিল তার স্বজনরা। যাবতীয় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দাফনও করেছিল তারা।
খালেকের দাফনের বিষয়টি উল্লেখ করতে গিয়ে মানস বড়ুয়া জানান, ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার হয়েছিল। দু’দিনের মাথায় খালেকের পরিবারের লোকজন কক্সবাজার সদর হাসপাতাল মর্গে এসে তাকে খালেক হিসেবে শনাক্ত করে লাশ নিয়ে যায়।
তিনি জানান, এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তখন স্ত্রীর পরকীয়ার কারণে খালেক খুন হয়েছেন বলে সন্দেহ করা হয়েছিল। ফলে খালেকের নিহত হবার ঘটনায় আঙ্গুল উঠেছিল তার স্ত্রী জোবাইদা বেগমের দিকে। এ ঘটনায় জোবাইদা বেগম, তার বড় বোন মোবারকা ও ভগ্নিপতি ফারুককে আটক করেছিল পুলিশ। গত ২৩ এপ্রিল আদালতে উপস্থাপন করার পর আদালত তাদের কারাগারে পাঠান।
স্থানীয় গ্রামবাসীর বরাত দিয়ে মানস বড়ুয়া জানান, গত তিন দিন আগে খালেকের ব্যবহৃত সিম থেকে একটি কল আসে তার ভাই আবদুল্লাহর কাছে। সেই বিষয়টি স্থানীয় মেম্বারকে জানালে মেম্বার ডিবিতে এসে ওই নম্বরটি দেয়। তা পেয়ে এর ক্লু উদঘাটনে মাঠে নামে ডিবি পুলিশ। প্রযুক্তির মাধ্যমে খালেকের ব্যবহৃত মুঠোফোন নম্বরটি ট্র্যাক করা হয়। দাফনের আগে থেকে বন্ধ হয়ে যাওয়া সিমটি সচল করা হয় এবং সরোয়ার নামের এক যুবক তা ব্যবহার করছিল। সরোয়ার খালেকের আত্মীয়। তার কাছ থেকেই খালেকের অবস্থান সম্পর্কে জানতে পেরেছিল পুলিশ। পরে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তাকে আটকের পর বৃহস্পতিবার বিকেলে এসপি কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে খালেক জানান, স্ত্রীর সঙ্গে ঝগাড়ার পর গত ১৪ এপ্রিল তিনি সীতাকুণ্ডে গিয়ে রাজমিস্ত্রির কাজ নিয়েছিলেন। এরপর নিজের মুঠোফোনটি বন্ধ করে দেন। তাই কক্সবাজারে তাকে নিয়ে ঘটে যাওয়া ঘটনার কিছুই তিনি জানতে পারেননি।
পরে আত্মীয় সরোয়ারের কাছে নিজের মৃত্যু এবং দাফনের কথা শুনতে পান খালেক। এরপর খালেক অসুস্থ পড়েন। খালেক নিজ থেকে তার ভাই আবদুল্লাহকে কল করলে তিনি তাকে চেনেন না বলে ফোন কেটে দেন। তখন খালেক দু একদিনের মধ্যে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এর আগেই ধরা পড়লেন ডিবি পুলিশের হাতে।















