ঢাকা সংবাদদাতা: শনিবার(৫ মে) থেকে ঢাকায় শুরু হচ্ছে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দু’দিন ব্যাপী সম্মেলন। ৪৫তম এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে ফিলিস্তিন, মসজিদুল আকসা ও রোহিঙ্গা ইস্যু বিশেষ গুরুত্ব পাবে। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন।
এতে বিভিন্ন দেশের প্রায় ৪০ মন্ত্রী ও সহকারী মন্ত্রীসহ ওআইসির সব সদস্য রাষ্ট্র, পর্যবেক্ষক রাষ্ট্র, ওআইসি প্রতিষ্ঠানসমূহ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ সাড়ে ৫০০ প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলনের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ আগামী এক বছর ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স-সিএমএফের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে।
এদিকে সম্মেলন শুরুর আগে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীরা আজ শুক্রবার সকালে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে গেছেন।
সকাল পৌনে ৯টার দিকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান ৫৭ সদস্যবিশিষ্ট এ সংস্থাটির ৪০ মন্ত্রী ও সহকারী মন্ত্রীসহ ৭০ জনের প্রতিনিধিদল।
এর পর সকাল সাড়ে ১০টায় তারা কুতুপালং ক্যাম্পে পৌঁছে কয়েকটি দলে ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
এবারের ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রতিপাদ্য হল- টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নের জন্য ইসলামী মূল্যবোধ।
ঢাকায় এ সম্মেলনে যেসব বিষয় বেশি গুরুত্ব পাবে সেগুলো হল- মুসলিম উম্মাহর আর্থ-সামাজিক উন্নয়ন, মুসলিম বিশ্বের সংঘাত ও চ্যালেঞ্জগুলো, ওআইসি দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক।















