আন্তর্জাতিক ডেস্ক: আগামী মাসেই ইরাকে নির্বাচন হতে যাচ্ছে। আর সেই নির্বাচনে লড়তে চলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে জুতো ছোড়ায় অভিযুক্ত মুনতাজার জেইদি নামের সেই সাংবাদিক। ৩৯ বছর বয়সী ওই সাংবাদিক বলেছেন, ‘ইরাকের অরাজনৈতিকতায় ক্লান্ত মানুষ। দুর্নীতিপরায়ন রাজনীতিকদের জেল পুরতে চাইছেন তারা।’ ক্ষমতায় এলে আগে এই পদক্ষেপ করবেন তিনি।
২০০৮ সালে ইরাকে এক সাংবাদিক বৈঠকে আচমকাই তৎতালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলু বুশকে লক্ষ্য করে নিজের দু’পাটি জুতো ছোড়েন আল বাগদাদিয়া চ্যানেলের ওই সাংবাদিক। পরে তিনি জানিয়েছিলেন, ইরাকের মানুষের হয়ে ওই জুতো ছুড়েছেন তিনি। তবে, দু’টি জুতোর কোনওটিই বুশের গায়ে লাগেনি। এই ঘটনায় গ্রেফতার করা হয় মুনতাজাকে। পরে ১২ মাস কারাদণ্ড হয় তার।
জেল থেকে বেরিয়ে ইরাক থেকে ইউরোপে চলে যান মুনতাজা। সেখানে ইরাকি অভিবাসীদের নিয়ে একটি সংগঠন তৈরি করেন তিনি। ইরাকে রাজনৈতিক অস্থিরতা দূর করতে এবং নারীদের অধিকার সুরক্ষিত করতে জোর কদমে প্রচার চালান মুনতাজার।
তিনি জানিয়েছেন, ক্ষমতায় এলে আগে দুর্নীতিপরায়ন রাজনীতিকদের জেলে পোরা হবে।
উল্লেখ্য, ১২ মে ইরাকে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। সেখানে ৩২৯টি আসনে লড়ছেন প্রায় ৭ হাজার প্রার্থী।















