১২ বিষয়েই প্রশ্নফাঁস; তবুও বাতিল হচ্ছে না এসএসসি পরীক্ষা

1019

ঢাকা সংবাদদাতা: সম্প্রতি শেষ হওয়া এসএসসি পরীক্ষার সতেরটির মধ্যে ১২টি বিষয়ের এমসিকিউ অংশের ‘খ’ সেটের প্রশ্নফাঁস হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিটি। তবে এ কারণে পরীক্ষা বাতিল করা হচ্ছে না।

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করে বলেন, ‘পরীক্ষার আগে ওই এমসিকিউ প্রশ্ন পেয়েছে পাঁচ হাজারের মত পরীক্ষার্থী। তাছাড়া এসএসসির সৃজনশীল অংশের কোনো প্রশ্নফাঁস না হওয়ায় পরীক্ষা বাতিল করা হবে না।’

মন্ত্রী আরও জানান, সোশাল মিডিয়ায় ক্লোজড গ্রুপের মাধ্যমে পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে এমসিকিউ প্রশ্নফাঁস হত বলে তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে জানিয়েছে।

এদিকে তদন্ত কমিটি জানান, শুধু ১২টি বিষয়ের ‘খ’ সেট এমসিকিউ প্রশ্নফাঁস হওয়ায় ৫ হাজারের মত শিক্ষার্থী প্রশ্নফাঁসের সুবিধা পেয়েছে। ফলে ২০ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা পুনরায় গ্রহণ করে তাদেরকে ভোগান্তিতে ফেলা উচিত হবে না। ফলে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত যুক্তিযুক্তি হবে না।

তবে তারা মনে করেন, প্রশ্নপ্রত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তে প্রশ্নফাঁসের সুবিধাভোগী সকল পরীক্ষার্থীকে চিহ্নিত করে ফলাফল বাতিলসহ তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেয়া যেতে পারে।

ইতোমধ্যে এসএসসি পরীক্ষার সময় প্রশ্ন ফাঁসের অভিযোগে ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৩২টি মামলা করা হয়েছে। পরে আরও ১০০ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে র‌্যাব জানান, তাদের বাহিনী প্রশ্নফাঁস ও জালিয়াতির ঘটনায় মোট ১০৬ জনকে গ্রেপ্তার করে ৮৬টি মামলা দিয়েছে।