মার্কিন বিমানকে তাড়া করল রুশ জঙ্গি-বিমান

685

আন্তর্জাতিক ডেস্ক: বাল্টিক সাগরের উপর একটি মার্কিন বিমানকে তাড়া করে বিমানটিকে উড়ে যেতে বাধা দেয়ার চেষ্টা করেছে রাশিয়ার জঙ্গি বিমানগুলো। যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে ওই খবর জানিয়েছে নিউজ চ্যানেল সিএনএন।

সিএনএনের খবরে বলা হয়, রাশিয়ার সুখোই-২৭ জঙ্গি-বিমান মঙ্গলবার মার্কিন নৌবাহিনীর একটি পি-এইট গোয়েন্দা বিমানের ওপর অন্তত ১০ মিনিট ধরে নজরদারি করেছে। এই ধরণের ঘটনা গত জানুয়ারি মাসেও ঘটেছিল। সে সময় রুশ জঙ্গি-বিমান মার্কিন একটি সামরিক জেটকে কৃষ্ণ সাগরের উপরে তাড়া করেছিল।

ওই প্রতিবেদনে বলা হয়, রুশ বিমান বাহিনীর মাধ্যমে প্রায়ই মার্কিন যুদ্ধ জাহাজ এবং জঙ্গি বিমানের ওপর নজরদারির ঘটনা ঘটছে। রুশ কর্মকর্তারা মার্কিন এই আচরণকে আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন বলে দাবি করেছেন।

রুশ সীমান্ত বিশেষ করে বাল্টিক সাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে সবসময়ই প্রতিবাদ জানিয়ে এসেছে মস্কো।