নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার যা কিছু হবে তা তো আইনের মাধ্যমে হবে। এখানে তো আমার কিছুই করার নাই। তবে আমার একটি অন্যায় হয়েছে, সেটা হলো একজন নিরপরাধ মানুষকে কারাগারে পাঠিয়ে অন্যায় করেছি। বিএনপি চেয়ারপার্সনের গৃহকর্মী ফাতেমাকে কারাগারে পাঠিয়ে।
সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বুধবার বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দুর্নীতির দায়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হন বিএনপি চেয়ারপার্সন। এরপর তাকে নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পরে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে দেখাশোনার জন্য ফাতেমাকে কারাগারে রাখার নির্দেশ দেন আদালত। এরপর থেকে নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন ফাতেমা।
খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণা এবং এর পরপরই তাকে কারাগারে নেয়ার পর থেকেই ফাতেমাকে নিয়ে আলোচনা শুরু হয়। বিএনপির আইনজীবী ও নেতারা ফাতেমাকে খালেদা জিয়ার সঙ্গে রাখতে না দেয়ার সমালোচনাও করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাজ্যের লন্ডন থেকে কবে ফিরিয়ে নিয়ে আসা হবে এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা সাজাপ্রাপ্ত আসামি তারেকের বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করছি। নিশ্চয়ই আমরা তাকে ফিরিয়ে নিয়ে আসবো।















