যুক্তরাষ্ট্র বিট্রিশ সরকারকে বলেছে তারেক রহমান বিপদজনক ব্যক্তি: নৌপরিবহন মন্ত্রী

911

ঢাকা সংবাদদাতা: নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ত্রাসী, তাই যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয়নি। যুক্তরাষ্ট্র বিট্রিশ সরকারকে বলেছে, সে একজন বিপদজনক ব্যক্তি। তাই শুধু আওয়ামী লীগই তাকে নিয়ে শঙ্কিত নয়, বিশ্বের বহু দেশ তাকে নিয়ে শঙ্কিত।’

শনিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, পৃথিবীতে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে সাধারণ মানুষের শান্তি ভঙ্গ করে তার মধ্যে তিনি একজন। সুতারাং সরকার যে কথা বলেছে-তার বিচারের রায় হয়েছে তাকে এখন কারাভোগ করতেই হবে। আমরা চেষ্টা করছি তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে। বিশ্বের প্রত্যেকটি গণতান্ত্রিক দেশই এমন মানুষকে ফিরিয়ে দেয়। আমরা আশা করছি তাকেও ফিরিয়ে দেবে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন করে তিনি বলেন, তাকে যখন চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছিল তখন কি আপনারা তার চলন দেখেছেন? মনে হয় তিনি অসুস্থ? উঁনি যেমন সুস্থ ছিলেন এখনো সুস্থ আছেন বলে আমি মনে করি। স্বাস্থ্যমন্ত্রী নিশ্চয়তা বিধান করেছেন। তার চিকিৎসার সর্বধরনের ব্যবস্থা সরকার করছে।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মেহেরপুর জেলায় স্থলবন্দর স্থাপনের বিষয়ে তিনি বলেন, এখনো সার্ভে পর্যায় রয়েছে। আমরা এখনো কিছু পজেটিভ পাইনি। এখানকার ব্যবসা বাণিজ্য, যোগাযোগসহ সার্বিক বিষয় বিবেচনা করেই অনুকূল পরিবেশ সৃষ্টি হলেই আমরা এখানে বন্দর স্থাপন করব।

এর আগে দুপুরে হেলিকপ্টার-যোগে মেহেরপুর স্টেডিয়ামাঠে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান ও জেলা পরিষদ চেয়ারম্যান গালাম রসুলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে, শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদরে আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন তিনি।