রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত

450

ঢাকা সংবাদদাতা: রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ফেরিঘাট এলাকায় মঙ্গলবার ভোরে গোয়েন্দা শাখার পুলিশ সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন। নিহতের নাম সাইদুল, বয়স ৩২। তিনি পাবনা জেলা সদরের আটঘাটিয়া গ্রামের তেনুর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন পুলিশ।

একদল চরমপন্থী রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ফেরিঘাট এলাকায় অবস্থান করছে খবর পেয়ে মঙ্গলবার ভোররাতে সেখানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলিব করতে থাকে। পাল্টা গুলি চালায় পুলিশও। পুলিশের সঙ্গে পেরে ওঠতে না পেরে চরমপন্থীরা পালিয়ে যায়।

বন্দুকযুদ্ধ শেষ হওয়ার পর ঘটনাস্থলে মারাত্মক আহত সাইদুলকে দেখতে পায় পুলিশ। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বন্দুকযুদ্ধে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জিয়ারুল ইসলাম ও পুলিশ কনস্টেবল পঙ্কজ মণ্ডল আহত হয়েছেন বলেও দাবি করেছে গোয়েন্দা পুলিশ। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। চরমপন্থীদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে গোয়েন্দা পুলিশ।