ঢাকা সংবাদদাতা: বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। স্বাধীনতার পর কয়েক দশকের ক্ষুদ্র ক্ষুদ্র অর্জনের ফল হিসেবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় যাওয়ার আনুষ্ঠানিক এ স্বীকৃতি দিলো সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার, জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, সিডিপি এই ঘোষণা সংক্রান্ত চিঠি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের কাছে হস্তান্তর করে।
জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক কাউন্সিলের মানদণ্ডে একটি উন্নয়নশীল দেশের মাথাপিছু আয় ১,২৩০ ডলার হলেও বাংলাদেশের রয়েছে ১,২৭১ ডলার। এছাড়া, মানবসম্পদ সূচকে ৬৬ এর প্রেক্ষিতে বাংলাদেশ অর্জন করেছে ৭২ দশমিক ৯। অন্যদিকে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে বাংলাদেশের অবস্থান ২৪ দশমিক ৮ শতাংশ। উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিতে বাংলাদেশ মাথাপিছু আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে পর্যাপ্ত মানদণ্ড অর্জন করে এ স্বীকৃতি অর্জন করে নিয়েছে।















