সন্ত্রাসীদের গুলিতে পড়ার টেবিলে স্কুলছাত্র নিহত

438

ঢাকা সংবাদদাতা: উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে নিরব উদ্দিন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনার সময় সে পড়ার টেবিলে বসে পড়ছিল। সোমবার রাতে উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ড ভেজুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিরব (১২) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিরাজ উদ্দিনের ছেলে। সে স্থানীয় রহমানিয়া ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে পড়ত। এসময় নিহত নিরবের বাবাও গুলিবিদ্ধ হন।

হামলা সম্পর্কে হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, আওয়ামী লীগ নেতা মিরাজ উদ্দিনের সঙ্গে প্রতিপক্ষ মোহাম্মদ আলী গ্রুপের দ্বন্দ্ব চলছিল। রবিবার রাত ৮টার দিকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মিরাজের বাড়িতে ঢুকে হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি করে। এ সময় টেবিলে বসে বই পড়ছিল মিরাজের ছেলে নিরব। সন্ত্রসীদের গুলিতে নিরবসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টার দিকে মারা যায় নিরব। বাকি আহতরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিরবের বাবা মিরাজ।

গুলিবিদ্ধ মিরাজ উদ্দিন জানান, গত পৌরসভা নির্বাচনে তিনি পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহম্মেদের পক্ষে কাজ করেন। তখন থেকে সংসদ সদস্য আয়শা ফেরদৌসের অনুসারীদের সাথে তার বিরোধ সৃস্টি হয়। রবিবার রাত ৮টার দিকে ডালিম, জুয়েল, কাইউম, মুরাদ বেচু, মহিন ও জিন্নুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বাড়িতে এসে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে তার ছেলে নিরব বুলেটবিদ্ধ হয়ে মারা যায়।