ওয়ানবাংলানিউজ : নিজের ভাষা ও ঐতিহ্যের প্রতি মানুষের যে আবেগের টান সেটা হৃদয়ের অনেক গভীরে প্রোথিত। যে কারণে হাজার হাজার মাইল দূরের প্রবাস জীবনও এই আবেগের বন্ধনে চিট ধরাতে পারে না। যেখানেই যায়, মানুষ খুঁজে ফিরে আপন সংস্কৃতি ও ঐহিত্যের গন্ধ।
সূদূর যুক্তরাজ্যের ম্যানচেষ্টার শহরের প্রবাস বাংলা টিভির ‘চাটগাঁইয়া আড্ডা’ অনুষ্ঠানটি এমনই গভীর আবেগের প্রকাশ। অনুষ্ঠানের নামই বলে দিচ্ছে আপন সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা এর উদ্দেশ্য।
অনুষ্ঠানটির উদ্যোক্তা ফয়সাল কবির নিক্সন। উপস্থাপনাও করছেন তিনি। তাঁর জন্ম ও বেড়ে উঠা চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবারে। পড়াশোনা শেষ করে যোগ দিয়েছিলেন পারিবারিক ব্যবসায়। মন টেকেনি। কিছুদিন পর পাড়ি জমান যুক্তরাজ্যে। ম্যানচেষ্টার শহরে থাকছেন পরিবার নিয়ে। কিন্তু ফেলে আসা নিজের ভাষা ও সংস্কৃতির ক্ষুধা তাঁকে তাড়িয়ে বেড়ায়। সেই তাড়না থেকে অদ্ভূত এক চিন্তা মাথায় ভর করে। টিভিতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অনুষ্ঠান করবেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার প্রচারের পাশাপাশি এর ঐতিহ্যকে তুলে ধরবেন। করবেন প্রবাস জীবনের সুখ, দুঃখের আলোচনা।
ঘুরেছেন অনেকগুলো চ্যানেলে। শেষ পর্যন্ত ম্যানচেস্টারভিত্তিক প্রবাস বাংলা চ্যানেলে অনুষ্ঠান করার সুযোগ এসে যায়। গত ১ মার্চ বৃহস্পতিবার প্রথমবারের মত প্রচারিত হয় ‘চাটগাঁইয়া আড্ডা’। ব্যতিক্রমী এ অনুষ্ঠান দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলে।
ফয়সাল কবির নিক্সন জানান, প্রতি বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে এক ঘন্টাব্যাপী এই অনুষ্ঠান প্রচারিত হয়। তিনি বলেন, কোনো রাজনৈতিক আলোচনা নয়। কেবল প্রবাসিদের সুখ-দুঃখের আলোচনা আর চট্টগ্রামের বিভিন্ন অনুষ্ঠান ও ঐহিত্য নিয়ে একান্ত আড্ডা। প্রবাস বাংলার ওয়েবসাইট ও ফেসবুক পেজে অনুষ্ঠানটি দেখা যায়।















