খেলাধুলা ডেস্ক: দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাটিং করার সুযোগ পেয়ে বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ। ৫ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ১৯৪ রান।
টস: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
স্কোর: বাংলাদেশ ১৯৩/৫ (২০ ওভার)
বাংলাদেশের সর্বোচ্চ রান: টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহ করল বাংলাদেশ। এর আগে ২০১২ সালের ১৮ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে ৫ উইকেটে ১৯০ রান করেছিল বাংলাদেশ।
অনবদ্য মুশফিকের ক্যারিয়ার সেরা ইনিংস: প্রথমবারের মতো তিনে খেলতে নেমে নিজের জাত চেনালেন মুশফিকুর রহিম। তার অনবদ্য ৬৬ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান পেয়েছে। ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসটি সাজান মুশফিক। তার ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ছিল ১৫০.০০।
পেরেরার বলে বোল্ড সাব্বির: থিসারা পেরেরার ইয়র্কারে সামনে এসে স্কুপ করতে গিয়ে বোল্ড হন সাব্বির রহমান। ২ বলে ১ রানে সাজঘরে ফিরেন সাব্বির।
দারুণ ব্যাটিংয়ের পর ফিরলেন মাহমুদউল্লাহ: ৩১ বলে ৪৩ রানের দারুণ এক ইনিংস উপহার দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান অধিনায়ক মাহমুদউল্লাহ। চতুর্থ উইকেটে মুশফিককে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন ডানহাতি ব্যাটসম্যান। দ্রুত রান তুলতে গিয়ে ১৯তম ওভারে সাজঘরে ফিরেন। উদানার বলে স্কুপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন মাহমুদউল্লাহ।
চার বছর পর মুশফিকের হাফ সেঞ্চুরি: টি-টোয়েন্টি ব্যাটিংয়ের সুযোগ কমই পান মুশফিকুর রহিম। শেষ দিকে নেমে বড় স্কোর করার সুযোগও কম থাকে। আজ তিনে নেমে মুশফিক সুযোগটিকে কাজে লাগালেন। ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৩৭ বলে মাইলফলক ছুঁয়েছেন মুশফিক। ২০১৩ সালের ৬ নভেম্বর প্রথম হাফ সেঞ্চুরির তুলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরেই।
মুশফিক-মাহমুদউল্লাহ জুটির পঞ্চাশ: তিন বলের ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে চতুর্থ উইকেটে জুটি বাঁধেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। জোড়া আঘাতের ধাক্কা সামলে দারুণভাবে রনের চাকা সচল রাখেন দুই সিনিয়র ক্রিকেটার। ৩২ বলে তারা জুটির পঞ্চাশ রান পূর্ণ করেন। এতে মুশফিক ১৯, মাহমুদউল্লাহ ৩১ রান যোগ করেন।
শূণ্য রানে বিদায় আফিফ: অভিষেকে ব্যাট হাতে দ্যুতি ছড়াতে পারলেন না আফিফ হোসেন। দ্বিতীয় বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরেন শূণ্য রানে। ১১তম ওভারের তৃতীয় বলে আফিফের আউটের সময় বাংলাদেশের রান ৩ উইকেটে ১০০।
সৌম্যর ফিফটি: প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ফিফটি করলেন সৌম্য সরকার। ৩০ বলে বাঁহাতি এ ওপেনার পেয়েছেন ফিফটির স্বাদ। মাইলফলকে পৌঁছতে ৬ চার ও ২ ছক্কা হাঁকান সৌম্য। তবে নিজের ইনিংসটি বড় করতে পারেননি। জীবন মেন্ডিসের করা ১১তম ওভারের প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ।
পাওয়ার প্লে’র স্বদব্যবহার: পাওয়ার প্লে’র প্রথম ছয় ওভার দারুণভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ। ৬ ওভারে বাংলাদেশ তুলেছে ৭১ রান। উইকেট হারিয়েছে মাত্র একটি। এ সময়ে ডট বল হয়েছে ৭টি।
পঞ্চাশ পেরিয়ে বাংলাদেশ: ২৬ বলে পঞ্চাশ ছুঁয়েছে বাংলাদেশ। বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। ওপেনার জাকির হাসান ও সৌম্য সরকার শুরুতেই লঙ্কান বোলারদের উপর আগ্রাসন দেখান। চুতর্থ ওভারের শেষ বলে জাকির আউট হলেও সৌম্য সরকার রানের চাকা সচল রেখেছেন। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম।
জাকিরকে ফিরিয়ে শ্রীলঙ্কার প্রথম সাফল্য: চতুর্থ ওভারের শেষ বলে বাংলাদেশ শিবিরে আঘাত করেন স্পিনার গুনাথিলাকা। ডানহাতি এ স্পিনারের বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন জাকির হাসান। ৯ বলে ১০ রান করেন জাকির। তিনে ব্যাটিংয়ে নেমেছেন মুশফিকুর রহিম।
উড়ছে বাংলাদেশ: শেহান মাদুশানাকার করা প্রথম ওভারেই ১৭ রান তুলেন দুই ওপেনার সৌম্য সরকার ও জাকির হাসান। দুই চার ও এক ছক্কায় শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। পরের ওভারে আসে ৯ রান। ইসুরু উদানার করা তৃতীয় ওভারে বাংলাদেশ পায় ১৫ রান। তৃতীয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান।
নেই তামিম: চোটের কারণে আজ তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের খেলা নিয়ে ছিল সংশয়। শেষ পর্যন্ত মুশফিক খেলতে পারলেও দলে নেই তামিম। পরশু অনুশীলনে ব্যাটিংয়ের সময় হাতের পেশিতে চোট পেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। আজ উইকেটকিপারের দায়িত্ব পালন করবেন মুশফিক।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন নাজমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
একসঙ্গে চারজনের অভিষেক: দলে নতুন মুখ ছয়জন। এর চারজনেরই আজ আন্তর্জাতিক অভিষেক হয়ে গেল। অভিষেক হয়েছে অলরাউন্ডার আফিফ হোসেন, ব্যাটসম্যান জাকির হাসান, আরিফুল হক ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর। বাংলাদেশের ক্রিকেটে এর আগে এক সঙ্গে চার ক্রিকেটারের অভিষেক হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় ২০১৬ সালের ২০ জানুয়ারি। টি-টোয়েন্টি ক্যাপ পেয়েছিলেন মোহাম্মদ শহীদ, আবু হায়দার রনি, মুক্তার আলী ও মোসাদ্দেক হোসেন সৈকত। আজ আফিফের মাথায় ক্যাপ তুলে দেন তামিম ইকবাল, জাকিরের মাথায় প্রাক্তন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, আরিফুলের মাথায় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ ও অপুর মাথায় ক্যাপ তুলে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, নিরোশান ডিকভেলা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, দাসুন শানাকা, আকিলা ধনঞ্জয়া, ইসুরু উদানা, জীবন মেন্ডিস, শেহান মাদুশানাকা।
বাংলাদেশের শেষ সুযোগ: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ট্রফি বিসর্জন দিয়েছিল বাংলাদেশ। স্বাগতিকরা হারে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও। চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র করলেও ঢাকায় দ্বিতীয় টেস্ট আড়াই দিনে হেরে যায় মাহমুদউল্লাহর দল। টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? পারবে শেষ সুযোগটা কাজে লাগাতে?
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অবশ্য সিরিজ জয়ের প্রত্যয়ই ছিল অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠে, ‘টি-টোয়েন্টি ভিন্ন একটা ফরম্যাট। আমরা শেষ কয়েকটা সিরিজে ভালো খেলিনি। এই সিরিজটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমরা এই সিরিজটি দিয়ে বিশ্ব ক্রিকেটে একটি বার্তা দিতে চাই যে, ওয়ানডে ও টেস্টের মতো টি-টোয়েন্টিতেও আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এই সিরিজটি জিততে চাই।’















