খেলাধুলা ডেস্ক: ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজ হারানোর পর নিজেদের অস্তিত্ব ধরে রাখার মিশনে দিবা-রাত্রি দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও গাজি টেলিভিশন।
বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে প্রথমেই বাধ সেধেছে ইনজুরি। অধিনায়ক সাকিব আল হাসান নেই টেস্ট সিরিজ থেকেই। টি-২০ সিরিজের আগে পাওয়া ইনজুরিতে অনিশ্চিত তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও। সব মিলিয়ে সিরিজ শুরুর আগে টাইগার স্কোয়াড যেন এক আহত বাঘের খাঁচা।
একই অবস্থা লঙ্কান শিবিরেও। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ আগেই ছিটকে পড়েছেন, ইনজুরিতে পড়লেও এক কুশলের পরিবর্তে ডাক পেয়েছেন আরেক কুশল। শেষ দিনে লঙ্কান শিবিরে আঘাতের কারণে বাদ পড়লেন গুণারত্মে। যদিও এসএলসি তার পরিবর্তে কাউকে দলে অন্তর্ভুক্ত করছে না।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারের ক্ষত এবং ঢাকা টেস্টে দৃষ্টিকটূ পরাজয়ের লজ্জা এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন টাইগাররা পারবেন কি নতুন বছরের আক্ষেপ ঘোচাতে?
বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টির পরিসংখ্যান
আজকের ম্যাচের পূর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কানরা টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে মোট সাতবার। তারমধ্যে মাত্র দুটিতে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের দুইটি জয়ের একটি এসেছিল ২০১৬ সালের এশিয়া কাপে আরেকটি ২০১৭ সালে।
শ্রীলঙ্কা এবং বাংলাদেশ শেষ মুখোমুখি হয়েছিলো গতবছর এপ্রিলে লঙ্কানদের মাটিতে। মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বে সেই ম্যাচে ৪৫ রানে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩১ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা।
শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র দুটি জয় থেকেও আত্মবিশ্বাস আসে টাইগারদের। কারণ বাংলাদেশের দুটি জয় আসে শেষ তিন টি-টোয়েন্টি ম্যাচে।
বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ ম্যাচে ৯টি উইকেট নেন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। আর লঙ্কানদের হয়ে লাসিথ মালিঙ্গা নেন ১১টি উইকেট। কিন্তু এই টি-টোয়েন্টি সিরিজে সেরা উইকেট সংগ্রহের তিনজনই খেলছেন না।















