সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

435

ঢাকা সংবাদদাতা: সাতক্ষীরার বকচরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

সাতক্ষীরা শহর উপকণ্ঠের বকচরা বাইপাস সড়কে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম সাকিব হোসেন (১৬)। সে শহরের পুলিশ লাইনস স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ও পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে। আহতের নাম রাশেদ। সে শহরের রসুলপুর গ্রামের সাবেক পুলিশ সদস্য আব্দুল আজিজের ছেলে। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সাকিব হোসেন, রাশেদ ও অমি পুলিশ লাইনস স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। তারা মঙ্গলবার সন্ধ্যায় বকচরা মাদরাসায় মাহফিল শুনতে যায়। সেখানে গিয়ে কামালনগর কলোনির আব্দুল কাদের ও একই এলাকার শান্তর সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের কথা কাটাকাটি হয়। বিষয়টি সেখানেই নিষ্পত্তির পর মাহফিল শুনে তারা বাড়ি ফেরার পথে বকচরা বাইপাস সড়কে পৌঁছানো মাত্রই কাদের ও শান্তসহ তাদের কয়েকজন সঙ্গী সাকিব, রাশেদ ও অমির ওপর হামলা করে। এসময় গাছের ডাল দিয়ে তাদের এলোপাতাড়ি পেটানো হয়। এতে সাকিব ও রাশেদ গুরুতর আহত হন। এসময় দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচে যায় অমি। পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় সাকিব ও রাশেদকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার কর্তব্যরত অফিসার এএসআই হাসান জানান, এ ঘটনায় এরইমধ্যে ৫-৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সদর থানার পরিদর্শক (ইনটেলিজেন্স) মহিদুল হক জানান, চিকিৎসাধীন রাশেদ কিছু তথ্য দিয়েছে। এছাড়া অমিকে পুলিশ হেফাজতে নিয়ে বিষয়টি জানার চেষ্টা চলছে।