এবারও ওয়েজ বোর্ডে বাদ ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা

555

ঢাকা সংবাদদাতা: ইলেক্ট্রনিক গণমাধ্যমকর্মীদের বাদ দিয়ে, শুধু সংবাদপত্রের জন্য গঠিত হলো নবম ওয়েজ বোর্ড।
দীর্ঘদিন ধরেই সাংবাদিকদের বেতন বাড়ানোর পাশাপাশি ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের ওয়েজ বোর্ডে আওতায় আনার জন্য নবম ওয়েজ বোর্ডের দাবিকে আন্দোলন করে আসছিলো সাংবাদিক সংগঠনগুলো।

সম্প্রচার মাধ্যমের জন্য পৃথক আইন না থাকার কারণেই ওয়েজ বোর্ডে অর্ন্তভুক্ত করা যাচ্ছে না ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের। ফলে দ্রুত ১৯৭৪ সালের আইনের সংশোধনের তাগিদ দিলেন বি.এফ.ইউ.জে।

অবশেষে নির্বাচনী বছরে নবম ওয়েজ বোর্ডের ঘোষণা আসলেও, যথারীতি এর বাইরে রয়ে যায় ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
এর কারণ হিসেবে, তথ্যমন্ত্রী দায় চাপান মালিকপক্ষের সদিচ্ছার উপর। যদিও সাংবাদিক নেতারা মনে করেন, এর জন্য মূলত দায়ী তথ্য মন্ত্রণালয়। পাঁচ বছরের বেশি সময় ধরে সম্প্রচার মাধ্যমের জন্য আইন প্রনণয়নে গড়িমসি করছে মন্ত্রণালয়।
এদিকে, ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে জড়িত প্রায় লক্ষাধিক সংবাদকর্মীকে ওয়েজ বোর্ডের আওতার বাইরে রাখা কোনভাবেই যুক্তিযুক্ত হবে না বলে মনে করেন সাবেক প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান।

তবে, সরকারের সদিচ্ছা থাকলে এই ওয়েজ বোর্ডের অধীনেই ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের আনা সম্ভব বলে মনে করেন সাংবাদিক নেতারা।