ঢাকা সংবাদদাতা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১১টা ১০ মিনিটের দিকে একটি পতাকাবাহী গাড়িতে করে তিনি বাসভবনের ভেতরে প্রবেশ করেন। গোয়েন্দা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। প্রায় এক ঘণ্টা পর বেলা সোয়া ১২টার দিকে তিনি বাসভবন থেকে বের হয়ে আসেন।
গওহর রিজভী বের হওয়ার পরপরই প্রধান বিচারপতির বাসায় প্রবেশ করেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ। বেলা ১২টা ২০ মিনিটের দিকে বাসভবনে প্রবেশ করে বেলা ১টার দিকে বের হয়ে আসেন তিনি।
এর আগে শুক্রবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করতে তার বাসায় যান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে একটি সাদা গাড়িতে করে প্রধান ফটক দিয়ে ভেতরে যান তিনি। বৃহস্পতিবার প্রধান বিচারপতির বাসায় যান আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এস কে সিনহার বাসভবনে গিয়ে প্রায় ৪০ মিনিট পর বের হয়ে আসেন আইনমন্ত্রী।
এদিন (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত দুইটি ফাইল নিয়ে সন্ধ্যায় তার বাসায় গিয়েছিলেন সুপ্রিম কোর্টের বেঞ্চ রিডার মাহবুব হাসান। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি প্রধান বিচারপতির বাসভবনে প্রবেশ করেন এবং ২২ মিনিট পর ৭টা ২ মিনিটে বেরিয়ে আসেন।
গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। শারীরিক অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করেছেন তিনি। তবে বিএনপির অভিযোগ, প্রধান বিচারপতি অসুস্থ নন, তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।















