‘সু চি বুদবুদের মধ্যে বাস করেন’

507

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন রাজনীতিবিদ বিল রিচার্ডসন বলেছেন, মিয়ানমারের নেত্রী অং সান সু চি বিচ্ছিন্ন ও ‘বুদবুদের’ মধ্যে বাস করেন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

রোহিঙ্গা সংকটের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য মিয়ানমার সরকারের গঠিত আন্তর্জাতিক পরামর্শক পর্ষদের সদস্য ছিলেন রিচার্ডসন। ‘পরামর্শক পর্ষদ লোক দেখানো কাজ করছে’ দাবি করে বুধবার তিনি পদত্যাগ করেন।

সু চিকে নিজের দীর্ঘ সময়ের বন্ধু দাবি করে রিচার্ডসন বলেছেন, দপ্তরে বসে মিয়ানমার নেত্রী নিজের ভেতরে অবরুদ্ধ মানসিকতার উন্নয়ন ঘটিয়েছেন। সুচির সঙ্গে ‘পশ্চিমা বিশ্ব, মানবাধিকার সংগঠন, জাতিসংঘ ও আন্তর্জাতিক গণমাধ্যমের সম্পর্ক ভয়ানক’ বলেও মন্তব্য করেন রিচার্ডসন।

তবে মার্কিন এই ঝানু রাজনীতিবিদ বলেছেন, এখনো পর্যন্ত মিয়ানমারের পরিবর্তনের জন্য সু চিই সবচেয়ে বড় আশা। পশ্চিমাদের উচিৎ মিয়ানমারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখা।

তিনি বলেন, ‘আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অব্যাহত মর্যাদাহানির বিষয়টি সু চি নিজেই নিজের ওপর টেনে নিয়ে এসেছেন। তাকে বিচ্ছিন্ন দেখায়। তিনি দেশের ভেতরে খুব বেশি সফর করেন না। আমি মনে করি তিনি উচ্চশ্রেণির বুদবুদের উন্নয়ন করেছেন। ’

রোহিঙ্গা ইস্যুতে দোষ সেনাবাহিনীর অনেক বেশি উল্লেখ করে রিচার্ডসন বলেন, ‘আমি মনে করি মিয়ানমারের সেনাবাহিনীর দোষ অনেক বেশি এবং তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারেন কেবলমাত্র অং সান সু চি। তার এটা শুরু করা উচিৎ।’

এর আগে বৃহস্পতিবার সু চির দপ্তর থেকে বলা হয়েছে, রিচার্ডসন বৈঠকের আলোচ্যসূচির বাইরে যেয়ে কথা বলেন এবং ফ্রেমওয়ার্কের বাইরে চলে যান। তিনি নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য চাপ প্রয়োগ করেন। এ কারনে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে।