আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে জোড়া গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন।
মঙ্গলবার বেনগাজির আল সালমানি জেলায় মুসল্লিরা নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় প্রথম বিস্ফোরণটি হয়। এর ১০ থেকে ১৫ মিনিট পর নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে রাস্তায় থাকা একটি মার্সিডিজ গাড়িতে পরের বিস্ফোরণটি হয়।
তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের মধ্যে সেনা কর্মকর্তা ও বেসামরিক নাগরিক রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।















