তাবলীগে কোন্দল: বিক্ষোভে অচল ঢাকার একাংশ

990

ঢাকা সংবাদদাতা: আসন্ন বিশ্ব ইজতেমায় ভারতের মাওলানা সাদ কান্ধলভির অংশগ্রহণ নিয়ে তাবলিগ জামাতের মধ্যে দেখা দিয়েছে অস্থিরতা। শুধু তাই নয়, এ ইস্যুতে জড়িয়ে পড়েন হেফাজতপন্থী কওমি আলেমরা। বাংলাদেশে মাওলানা সাদের আগমন ঠেকাতে আন্দোলনে নামেন তারা। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে রাজধানীর বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করেন কওমিপন্থী ও তাবলীগ জামাতের একাংশের কর্মীরা।

এই বিক্ষোভের মধ্যে ভারত থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে টিজি-৩২১ ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান মাওলানা সাদ। তবে বিক্ষোভের কারণে বিমানবন্দর থেকে বের হতে পারেনি তিনি। ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করতে থাকেন। পরে বিকাল সাড়ে তিনটার দিকে তাকে পুলিশি প্রহরায় বিমানবন্দর থেকে কাকরাইল মসজিদে নেয়া হয়।

এরপরই বিমানবন্দর এলাকায় অবস্থান কর্মসূচি স্থগিত করে নতুন কর্মসূচি ঘোষণা করা হয় কওমিপন্থী ও তাবলীগ জামাতের একাংশের কর্মীদের সমাবেশ থেকে। আর তা হচ্ছে, মহাখালীর উত্তর অংশের কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদেরকে টঙ্গীর ইজতেমা ময়দানে এবং মহাখালীর দক্ষিণ অংশের মাদরাসার ছাত্র-শিক্ষকদেরকে কাকরাইল মসজিদ এলাকায় অবস্থান নিতে বলা হয়।

বিক্ষোভকারীরা মাওলানা সাদকে বিতর্কিত আখ্যা দিয়ে বলেন, যেকোনো মূল্যে তাকে দিল্লি ফেরত পাঠানো হবে। যে পর্যন্ত তাকে দিল্লি ফেরত পাঠানো না হবে ততক্ষণ পর্যন্ত ইজতেমা গেটে অবস্থান চলবে। কোনো অবস্থানেই তাকে ইজতেমা ময়দানে ঢুকতে দেয়া হবে না।

এর আগে সাদ বিরোধী তাবলিগ ও কওমি আলেমদের বিক্ষোভের কারণে সকাল থেকে বিমানবন্দর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এ যানজট ছড়িয়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। উত্তরা থেকে ঢাকামুখী যানবাহন যেমন আসতে পারেনি, তেমনি বনানী থেকে উত্তরার দিকেও যেতে পারেনি গাড়ি। এতে দুই দিকের সড়কেই যানজট তীব্র আকার ধারণ করে। চরম দুর্ভোগে পড়তে হয় লাখো মানুষকে। ঢাকা-গাজীপুর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী সব বাস সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকায় যাত্রীদের অনেককে বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়। এর মধ্যে বিমানের যাত্রীও রয়েছেন অনেকে। তারা সময় মতো বিমানবন্দরে পৌঁছতে পারেননি।

এ যানজটের কারণে বেশি ভোগান্তিতে পড়েছেন উত্তরার অধিবাসীরা। এই আবাসিক এলাকার প্রতিটি সেক্টরের প্রত্যেক রাস্তায় যানজটের প্রভাব পড়ে।এছাড়া নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড হয়ে আব্দুল্লাহপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

এদিকে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগের দিল্লি মারকাজের শীর্ষ এই মুরব্বি যেন প্রবেশ করতে না পারেন সেজন্য বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায় বিক্ষোভকারীরা। সকাল থেকেই তাবলিগের এই অংশটি মাওলানা সাদের খোঁজে বিমানবন্দর থেকে সিভিল এভিয়েশন হেড কোয়াটার্স গেট দিয়ে বের হওয়া সকল যানবাহনে তল্লাশি চালায়।

শাহজালাল বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোখতারুজ্জামান বলেন, মাওলানা সাদ কান্ধলভীর আসার প্রতিবাদে বিমানবন্দর গোলচত্বর এলাকায় বিক্ষোভ-সমাবেশ হয়। বিক্ষোভের কারণে তীব্র যানজট ছড়িয়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে তাবলিগ জামাতের মারকাজ দিল্লির নিজামুদ্দিনে অবস্থিত। ওই মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদের বিভিন্ন সময়ে দেয়া বক্তব্য নিয়ে এই বিতর্কের সৃষ্টি। বক্তব্যে তিনি আলেমদের অর্থের বিনিময়ে ধর্মীয় শিক্ষা দেয়ার বিরোধিতা করে কঠোর সমালোচনা করেন। এছাড়া ক্যামেরাযুক্ত মোবাইল পকেটে রেখে নামাজ হয় না বলেও মন্তব্য করেন। তখন তার ওই বক্তব্য সমালোচনার মুখে পড়ে। ‘দারুল উলুম দেওবন্দ’ মাওলানা সাদের বক্তব্যের প্রতিবাদ করে। এমনকি দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানিসহ শীর্ষ আলেমরা বিবৃতি দিয়ে তার বক্তব্য প্রত্যাহারেরও আহ্বান জানান। এরপর এ নিয়েই শুরু হয় তাবলিগ জামাতের মধ্যে অস্থিরতা। সাদের বাংলাদেশে আসা নিয়ে দেখা দেয় দ্বন্দ্ব।

২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করে আসছেন মাওলানা সাদ। তবে তার সাম্প্রতিক কিছু বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এবার ইজতেমায় অংশগ্রহণ নিয়ে তাবলিগ জামাতের মধ্যে বিভক্তি তৈরি হয়।