যুক্তরাজ্য প্রবাসী ইকবাল হোসাইন দিরাই শাল্লা আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী

1393

ওয়ানবাংলানিউজ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই শাল্লা আসনে বাংলাদেশ আওয়ামীলীগের হয়ে নির্বাচনে প্রার্থী হতে চান যুক্তরাজ্য প্রবাসী ইকবাল হোসাইন। তিনি দলের মনোনয়ন পাবার বিষয়ে খুবই আশাবাদী। দলের হাইকমান্ড তাকে তার অতীত কার্যক্রম ও নিজ যোগ্যতায় মনোনয়ন দিবে এমন প্রত্যাশা করেছেন তিনি।
গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার এই অভিপ্রায় ব্যক্ত করেন। এসময় যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতাকর্মীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিনি তার বক্তব্যে বলেন, তিনি দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে অবহেলিত দিরাই-শাল্লার রাস্তাঘাটের উন্নয়নই হবে তার প্রধান কাজ। তিনি এলাকায় নিয়মিত চেম্বার করে মানুষের সুখ দু:খ শুনে তা সমাধানের চেস্টা চালিয়ে যাবেন বলে জানান। এছাড়া স্থানীয় ইস্যু ছাড়াও দুর্নীতি বন্ধ, প্রশাসনে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রবাসে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন বলেও তিনি জানান।
১৯৮০-৮১ সালে সিলেট এমসি কলেজের ভিপি নির্বাচিত হন ইকবাল হোসেন। এরপর ১৯৮৪ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী অর্জনের পর ১৯৯০ সালে ব্রিটেনে চলে আসেন। তিনি বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারায় প্রাথমিক স্কুলের বাংলা শিক্ষক হিসেবে চাকুরী শুরু করেন। এরপর তিনি গ্রীণউইচ ইউনিভার্সিটি থেকে বিএ এডুকেশন স্টাডিজ অনার্স ডিগ্রী লাভ করেন। ইকবাল হোসাইন বার্নেট, হার্টফোর্ডশায়ার ও টাওয়ার হ্যামলেটস এর বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। তিনি বাংলাদেশী টিচার্স এসোসিয়েশনের দুইবার সাধারন সম্পাদক নির্বাচিত হন। তিনি টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির সিএলপির সাধারণ কাউন্সিল ডেলিগেটের দায়িত্ব পান। এছাড়া তিনি যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য ও সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি হিসেবেও দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। সামাজিক সংগঠনের মাধ্যমে তিনি এলাকায় শিক্ষার প্রসার ও নানান সমাজসেবামূলক কর্মকান্ডও চালিয়ে যাচ্ছেন বলেও জানান।