ঢাকা সংবাদদাতা: নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজী পুলিশ ফাঁড়িতে দুই পুলিশ সদস্যের সংঘর্ষে আবু হেলাল (৫৭) নামে এক সিপাহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। হেলালের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, দুই জনের মধ্যে ইফতারের বাজার করা নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে নাইমুল নামের আরেক পুলিশ সদস্য হেলালকে ধাক্কা দেয়। এসময় হেলাল সজোরে দেয়ালে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে মৃতদেহ উদ্ধার করে মহাদেবপুর থানায় নেওয়া হচ্ছে।
এ ঘটনায় কনস্টেবল নাইমুলকে গ্রেফতার করা হবে বলেও জানান পুলিশ সুপার।















