ঢাকা সংবাদদাতা: সদ্য বিএনপিতে যোগদানকারী সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের দরবার হলে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়নপত্র বাছাই শুরু হয়। এ সময় হলফনামায় স্বাক্ষর না থাকায় রনির মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।
মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে জানতে চাইলে রনি জানান, ঢাকায় নির্বাচন কমিশনে এ ব্যাপারে আবেদন করবেন তিনি। এদিকে রনির মনোনয়নপত্র বাতিল হলেও বিএনপির আরেক প্রার্থী হাসান মামুনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পটুয়াখালী-১ ও পটুয়াখালী-২ আসনের মনোনয়নপত্র বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা। পটুয়াখালী-২ আসনে জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজের মনোনয়নপত্র গৃহীত হয়। বিকেল ৪টার দিকে পটুয়াখালী-১ আসনে জাপার মহাসচিব রুহুল আমীন হাওলাদারের মনোনয়নপত্র বাছাই বিকেল ৪টার দিকে করা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এবারে জেলার চারটি আসনে মোট ৩৭ জন মনোনয়নপত্র জমা দেন।















