ব্রিটেনের হোটেলে ভয়াবহ আগুনে বহু মানুষ ঘরছাড়া, পুলিশের সন্দেহ…

61

সাইফ হাসান: যুক্তরাজ্যের কেন্টের একটি সমুদ্রতীরবর্তী হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার গভীর রাতে ফোকস্টোনের মেরিন প্যারেডের গ্র্যান্ড বার্স্টিন হোটেলের বেসমেন্টে আগুন লাগে এবং সেখান থেকে প্রায় ২৮০ জনকে উদ্ধার করা হয়। তীব্র আগুনের তাপে ভবনটির কাঠামো দুর্বল হয়ে পড়ার শঙ্কায় পাশের ভবন থেকেও ৯০ জনকে অন্যত্র সরানো হয়েছে। পুলিশ এই ঘটনাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করছে এবং এতে কোনো বড় অপ*রাধ রয়েছে কি না তা তদন্ত করে দেখছে।

শনিবার রাত প্রায় সোয়া একটার দিকে ঐতিহাসিক গ্র্যান্ড বার্স্টিন হোটেলের ভূগর্ভস্থ অংশে আগুন ছড়িয়ে পড়ে। কেন্ট ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের ২৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের তীব্রতার কারণে ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় মেরিন টেরেসের প্যাভিলিয়ন কোর্ট থেকে বাসিন্দাদের হোটেলে সরিয়ে নিয়েছে স্থানীয় ফোকস্টোন অ্যান্ড হাইথ ডিস্ট্রিক্ট কাউন্সিল।

হোটেলে অবস্থানরত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা সেই রাতের আতঙ্কজনক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সেখানে অবস্থান করা রস হানিকম্ব জানান, রাত একটার দিকে অ্যালার্মের শব্দে তাদের ঘুম ভাঙে এবং নিচ থেকে তীব্র ধোঁয়া ও বিস্ফোরণের শব্দ ভেসে আসতে থাকে। অন্যদিকে পাশের ফ্ল্যাট ছেড়ে আসা জন ডিটন জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

হোটেলটির পরিচালনাকারী সংস্থা ব্রিটানিয়া হোটেলস গ্রুপ জানিয়েছে, তারা পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করছে এবং প্রকৌশলীরা ভবনের ক্ষয়ক্ষতি পরীক্ষা করছেন। কাউন্সিল প্রধান সুসান প্রিস্ট জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি আশ্রয় ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটিকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করে পুলিশ ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।

#যুক্তরাজ্য #অগ্নিকাণ্ড #হোটেল #aknews #onebanglanews