সাইফ হাসান: ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস কর্মীদের বিরুদ্ধে রোগীদের গোপন চিকিৎসা নথিতে অনধিকার প্রবেশের তিন হাজারের বেশি অভিযোগ উঠেছে। গত পাঁচ বছরে হাসপাতালে কর্মরত অনেকেই কোনো বৈধ কারণ ছাড়াই রোগীদের ব্যক্তিগত তথ্য ঘেঁটে দেখেছেন। এমনকি নটিংহাম ও সাউথপোর্টের মতো ভয়াবহ হা*মলায় নি*হত ও আ*হতদের ফাইলও কৌতূহলবশত দেখেছেন বহু কর্মী। এ ঘটনায় রোগী অধিকার সংস্থা ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা নষ্ট হওয়ার আশঙ্কা জানিয়েছে। ইতিমধ্যে নিয়ম ভঙ্গের দায়ে দুই শতাধিক কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।
প্রেস অ্যাসোসিয়েশনের তথ্য অধিকার আইনে পাওয়া তথ্যে দেখা গেছে, ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে এমন ৩ হাজার ২৯টি ঘটনা ঘটেছে। তবে ইংল্যান্ডের ১৪৩টি হাসপাতাল ও অ্যাম্বুলেন্স ট্রাস্টের মধ্যে মাত্র ৭৯টি সঠিক পরিসংখ্যান দেওয়ায় প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
গত অক্টোবরে নটিংহাম ইউনিভার্সিটি হসপিটালস ট্রাস্ট জানায়, ২০২৩ সালের নটিংহাম হামলায় নিহত দুই শিক্ষার্থী ও এক কেয়ারটেকারের নথি দেখার দায়ে ১৫ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মে মাসে সাউথপোর্ট হামলায় নিহত তিন শিশু ও আহতদের তথ্য দেখার ঘটনাও সামনে আসে এবং জুনে কেমব্রিজশায়ারে কুমিরের গর্তে পড়ে আহত এক শিশুর নথি প্রায় ৪০ জন কর্মী দেখেছেন।
ইনফরমেশন কমিশনার্স অফিসের প্রধান নির্বাহী পল আর্নল্ড স্বাস্থ্য খাতের নেতাদের এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানুষ চিকিৎসার প্রয়োজনে এনএইচএসের ওপর ভরসা করে সবচেয়ে সংবেদনশীল তথ্য দেয়, তাই নিছক কৌতূহলবশত কারও নথি দেখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে পেশেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী র্যাচেল পাওয়ার জানান, তথ্য ফাঁসের পর কর্তৃপক্ষের স্বচ্ছতার অভাব রোগী ও পরিবারগুলোর কষ্ট আরও বাড়িয়ে দেয়। এদিকে এনএইচএস ইংল্যান্ডের প্রধান জিম ম্যাকি সন্দেহভাজন কর্মীদের তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দিয়েছেন এবং ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ২১৪ জন কর্মীকে চাকরিচ্যুত করার পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপে তথ্য শেয়ার ও পারিবারিক সহিংসতার ঘটনায় স্ত্রীর তথ্য দেখার মতো গুরুতর অপরাধের প্রমাণও মিলেছে।
#ইংল্যান্ড #স্বাস্থ্যসেবা #তথ্যসুরক্ষা #aknews #onebanglanews














