সময়মতো আবেদন না করলে মিলবে না শীতকালীন ভাতা…

51

সাইফ হাসান: ব্রিটেনে শীতকালীন ভাতা পাওয়া নিয়ে প্রবীণদের সতর্ক করেছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি)। নির্দিষ্ট সময়ের আগে আবেদন না করলে ৩০০ পাউন্ড পর্যন্ত ভাতা থেকে বঞ্চিত হতে পারেন তারা। বেশিরভাগ যোগ্য ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে এই টাকা পেলেও কিছু সংখ্যক মানুষকে নিজে থেকে আবেদন করতে হবে। শীতকালে বয়স্কদের ঘর গরম রাখার খরচ জোগাতেই সরকার এই অর্থ সহায়তা দিয়ে থাকে।

যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইট জিওভি ডট ইউকে জানিয়েছে, যারা আগে কখনো এই ভাতা পাননি তাদের নতুন করে আবেদন করতে হবে। এছাড়া সর্বশেষ শীতকালীন ভাতার পর যারা স্টেট পেনশন স্থগিত করেছেন, তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে স্টেট পেনশন, পেনশন ক্রেডিট বা ইউনিভার্সাল ক্রেডিটের মতো সুবিধা যারা পান, তাদের ভাতা স্বয়ংক্রিয়ভাবেই চলে আসবে।

২০২৬-২৭ সালের শীতকালীন এই ভাতা পাওয়ার জন্য আবেদনকারীদের ১৯৬০ সালের ২৭ জুনের আগে জন্ম নিতে হবে এবং ইংল্যান্ড, ওয়েলস বা উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দা হতে হবে। নিয়ম অনুযায়ী ১৯৪৬ সালের ২৮ সেপ্টেম্বরের আগে যাদের জন্ম, তারা সর্বোচ্চ ৩০০ পাউন্ড পর্যন্ত পাবেন। অন্যদিকে ১৯৪৬ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ১৯৬০ সালের ২৭ জুনের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তিরা পাবেন ২০০ পাউন্ড পর্যন্ত।

ভাতার এই পরিমাণ নির্ভর করবে আবেদনকারী একা থাকেন নাকি অন্য কোনো যোগ্য ব্যক্তির সঙ্গে বসবাস করেন তার ওপর। যাদের নতুন করে আবেদন করতে হবে, তারা আগামী ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে ডাকযোগে বা টেলিফোনের মাধ্যমে তা সম্পন্ন করতে পারবেন। তবে ৩৫ হাজার পাউন্ডের বেশি বার্ষিক আয় থাকা প্রবীণদের ভাতার অর্থ এইচএমআরসি কর্তৃপক্ষ ট্যাক্স কোডের মাধ্যমে সমন্বয় করে নেবে।

#প্রবীণ #শীতকালীন_ভাতা #ব্রিটেন #aknews #onebanglanews