ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার হিসেবে লেবার পার্টি কাউন্সিলার আয়াছ মিয়াকে মনোনিত করেছে। তার ডেপুটি মনোনিত হয়েছেন কাউন্সিলার ভিক্টোরিয়া ওবাজি। মেয়র জন বিগস গত ১৪ মে সোমবার লেবার গ্রুপের এজিএমে তাদের নাম এবং দায়িত্ব আনুষ্টানিকভাবে ঘোষণা করেন। মালবারীপ্লেসে এই এজিএম অনুষ্টিত হয়। এসময় লেবার পার্টির নবনির্বাচিত ৪২ জন কাউন্সিলার উপস্থিত ছিলেন। উল্লেখ্য কাউন্সিলার আয়াছ মিয়া গত ৩ মে অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয়বারের মত সেন্ট ডানস্টন ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মত কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। আর কাউন্সিলার ভিক্টোরিয়া ওবাজি হোয়াইট চ্যাপেল ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন। তারা কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করবেন বলে জানাগেছে।
উল্লেখ্য গত ২০১৪ সাল থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ব্রিটিশ বাংলাদেশীরা। এর আগেও অনেকেই স্পিকার ও মেয়রের দায়িত্ব পালন করলেও ২০১৪ সাল থেকে এই পদে বাংলাদেশীরাই একটানা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ২০১৪-১৫ ও ২০১৫-১৬ সেশনে ২বার দায়িত্ব পালন করেন কাউন্সিলার আব্দুল মুকিত এমবিই, ২০১৬-১৭ সেশনে ছিলেন সাবেক কাউন্সিলার খালিছ উদ্দিন আহমদ, ২০১৭-১৮ সেশনে দায়িত্বে রয়েছেন কাউন্সিলার সাবিনা আক্তার। আর ২০১৮-১৯ সেশনে দায়িত্ব পালন করবেন কাউন্সিলার আয়াছ মিয়া।















