সাইফ হাসান: যুক্তরাজ্যে ইউনিভার্সাল ক্রেডিট সংক্রান্ত চিঠি পাওয়া স্টেট পেনশনভোগীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাইগ্রেশন নোটিশ পাওয়া ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে তাদের চলমান সরকারি ভাতা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। পুরোনো বিভিন্ন কল্যাণমূলক ভাতা ধাপে ধাপে বাতিল করে সবাইকে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই পরিবর্তনের ফলে অধিকাংশ মানুষের ক্ষেত্রেই হাউজিং বেনিফিট বন্ধ হয়ে যাবে। তাই আর্থিক সহায়তা অব্যাহত রাখতে চিঠির নির্দেশনা মেনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
ব্রিটিশ সরকারের বৃহত্তর কল্যাণ সংস্কার কর্মসূচির অংশ হিসেবে পুরোনো ভাতা ব্যবস্থাগুলো পর্যায়ক্রমে বিলুপ্ত করা হচ্ছে। ইতিমধ্যে ট্যাক্স ক্রেডিট, ইনকাম-বেজড জবসিকার্স অ্যালাউন্স এবং ইনকাম সাপোর্টের মতো প্রকল্পগুলো বাতিল করা হয়েছে। পাশাপাশি নতুন আবেদনকারীদের জন্য হাউজিং বেনিফিটও ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে।
ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস জুড়ে এই নতুন নির্দেশিকা কার্যকর হবে, তবে নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। মাইগ্রেশন নোটিশ পাওয়া অধিকাংশের হাউজিং বেনিফিট বন্ধ হলেও সাপোর্টেড বা অস্থায়ী আবাসনে থাকা ব্যক্তিরা এর আওতামুক্ত থাকবেন। স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে তাদের এই ভাতা আগের মতোই চলমান থাকবে।
কারও হাউজিং বেনিফিট বন্ধ হয়ে গেলে নির্দিষ্ট কিছু শর্তে তিন মাসের মধ্যে তা পুনরায় দাবি করার সুযোগ রয়েছে। বিশেষ করে যারা ইউনিভার্সাল ক্রেডিটের আবেদন করেননি বা সময়মতো আবেদন করেও অযোগ্য বিবেচিত হয়েছেন, তারা এই সুযোগ পাবেন। তবে DWP আশ্বস্ত করেছে যে ট্রানজিশনাল প্রোটেকশন ব্যবস্থার আওতায় অধিকাংশ মানুষ আগের সমপরিমাণ বা তার চেয়েও বেশি অর্থ পাবেন।
#যুক্তরাজ্যসংবাদ #ইউনিভার্সালক্রেডিট #সরকারিভাতা #aknews #onebanglanews














