সাইফ হাসান: ইংল্যান্ডে এনএইচএস এবং হুইলচেয়ার প্রস্তুতকারক বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দীর্ঘসূত্রিতার কারণে প্রতিবন্ধীদের একটি হুইলচেয়ার পেতে দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। দেশটির পাবলিক সার্ভিস ন্যায়পাল পলা সাসেক্সের এক নতুন প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। সময়মতো হুইলচেয়ার না পাওয়ায় শারীরিক ও মানসিকভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ এবং ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। নির্ধারিত ১৮ সপ্তাহের মধ্যে সেবা পাওয়ার কথা থাকলেও অভিযোগের সংখ্যা গত কয়েক বছরে কয়েক গুণ বেড়ে গেছে। এই সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিন বছর বয়সী সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশু এলিয়ট ক্রুজ গার্দিয়ানো গ্লুকে হুইলচেয়ারের জন্য সাত মাস অপেক্ষা করতে হয়েছিল। এর ফলে সে তার যমজ ভাইয়ের সাথে একই সময়ে নার্সারিতে যাওয়া শুরু করতে পারেনি এবং বিশেষ থেরাপি থেকেও বঞ্চিত হয়েছে। অপেক্ষার এই সময়ে বাবা-মায়ের তৈরি একটি বিকল্প গাড়ি থেকে পড়ে গিয়ে শিশুটি বেশ কয়েকবার আঘাতও পায়।
অন্যদিকে বিশপস স্টর্টফোর্ডের বাসিন্দা ৬৮ বছর বয়সী গ্রাহাম উলনারকে একটি সচল হুইলচেয়ার পেতে নির্ধারিত সময়ের চেয়ে ২৬ মাস বেশি অপেক্ষা করতে হয়েছে। ২০২৩ সালের আগস্টে তার নতুন হুইলচেয়ার পাওয়ার কথা থাকলেও তা আসে ২০২৪ সালের সেপ্টেম্বরে, যা প্রথম দিনেই মাত্র ১০০ গজ চলার পর নষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত ২০২৫ সালের অক্টোবরে তিনি একটি পুরোপুরি সচল হুইলচেয়ার হাতে পান এবং এই দীর্ঘ সময় ছেলেকে ছাড়া তিনি বাড়ির বাইরে বের হতে পারতেন না।
ন্যায়পাল পলা সাসেক্স জানান, ২০২০-২১ সালে এ সংক্রান্ত অভিযোগ মাত্র ৮টি থাকলেও ২০২৫-২৬ সালে তা বেড়ে ১১০টিতে দাঁড়িয়েছে, যার বেশিরভাগই গুটিকয়েক বেসরকারি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিউলাইফ চ্যারিটির পরিচালক র্যাচেল পেরিন এবং হুইলচেয়ার অ্যালায়েন্সের প্রধান নির্বাহী নিক গোল্ডআপ বলেছেন, সঠিক হুইলচেয়ার না পাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি মানুষজনকে ঘরের ভেতর বন্দী করে ফেলছে। এ বিষয়ে এনএইচএসের এক মুখপাত্র দীর্ঘ অপেক্ষার বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে স্বীকার করেছেন এবং ১৮ সপ্তাহের মধ্যে ৯২ শতাংশ মানুষের কাছে হুইলচেয়ার পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন।
#ইংল্যান্ডসংবাদ #এনএইচএস #স্বাস্থ্যসেবা #যুক্তরাজ্যসংবাদ #aknews #onebanglanews















