সাইফ হাসান: যুক্তরাজ্যে দোকানচুরি বেড়ে যাওয়ায় সাইনসবুরি নতুন প্রযুক্তি চালু করেছে। লন্ডন ও বাথের দুটি শাখায় চলছে পরীক্ষামূলক কার্যক্রম। মুখ চিনতে পারা সফটওয়্যার দিয়ে শনাক্ত করা হবে চোর ও সহিংস গ্রাহক। তবে গোপনীয়তা নিয়ে তীব্র উদ্বেগ জানিয়েছে অধিকারকর্মীরা। সফল হলে সারা দেশে চালু হতে পারে এ ব্যবস্থা।
যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম সুপারমার্কেট চেইন সাইনসবুরি ২ সেপ্টেম্বর থেকে আট সপ্তাহের জন্য মুখ শনাক্তকরণ প্রযুক্তির পরীক্ষা শুরু করেছে। দক্ষিণ-পূর্ব লন্ডনের সিডেনহ্যাম ও বাথের ওল্ডফিল্ড পার্কে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কোম্পানির দাবি, এটি শুধুমাত্র সহিংস, আগ্রাসী বা চুরি করা ব্যক্তিদের শনাক্ত করার জন্য ব্যবহৃত হবে।
সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসে গত বছর দোকানচুরির ঘটনা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর সংখ্যা অর্ধ মিলিয়নেরও বেশি। খুচরা খাতের অনেক দোকানেই কর্মী নির্যাতন, হুমকি ও সহিংসতার ঘটনাও বেড়েই চলেছে।
তবে গোপনীয়তা রক্ষাকারী সংগঠনগুলো এই উদ্যোগকে ‘শীতল ও ভীতিজনক’ বলে বর্ণনা করেছে। বিগ ব্রাদার ওয়াচের কর্মকর্তা ম্যাডেলিন স্টোন বলেছেন, সাইনসবুরির এই পদক্ষেপ অতিমাত্রায় হস্তক্ষেপমূলক এবং অগ্রহণযোগ্য। এ নিয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সাইনসবুরির প্রধান নির্বাহী সাইমন রবার্টস জানিয়েছেন, দোকানকর্মী ও গ্রাহকদের নিরাপত্তা রক্ষা করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তিনি স্বীকার করেছেন, ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা নিয়ে মানুষের উদ্বেগ যথার্থ। অপরদিকে, খুচরা কর্মীদের ইউনিয়ন ইউসডো জানিয়েছে, তারা পরীক্ষামূলক এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছে এবং ফলাফলের অপেক্ষায় আছে।















