সাইফ হাসান: যুক্তরাজ্যে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে গাড়ি চালকদের জন্য একটি জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে শীতকালীন ভারী পোশাক পরে গাড়ি চালালে চালকদের এক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। মূলত হাইওয়ে কোডের ৯৭ নম্বর নিয়ম অনুযায়ী চালকদের এমন পোশাক পরতে হবে যা গাড়ি নিয়ন্ত্রণে কোনো বাধা সৃষ্টি না করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অতিরিক্ত ভারী জ্যাকেট বা গ্লাভস পরলে স্টিয়ারিং ও গিয়ার নিয়ন্ত্রণে ঝুঁকি তৈরি হয়। সাধারণ অসতর্কতার জন্য তাৎক্ষণিক একশ পাউন্ড এবং মারাত্মক ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা হতে পারে।
হারউডস গ্রুপের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর ক্লেয়ার ফ্রিম্যান্টল হ্যাম্পশায়ার ক্রনিকলকে জানান, তাপমাত্রা কমতে থাকায় চালকরা অজান্তেই আইন ভাঙার ঝুঁকিতে পড়ছেন। শীতে উষ্ণ থাকতে গিয়ে গ্লাভস, কোট বা মাফলার পরলে বড় অংকের জরিমানার মুখে পড়তে হতে পারে বলে তিনি সতর্ক করেন।
তিনি ব্যাখ্যা করে বলেন, গ্লাভস হাত গরম রাখলেও স্টিয়ারিং হুইলের ওপর চালকের নিয়ন্ত্রণ ঢিলে করে দেয়। তুষারপাতের সময় গ্লাভস পরে গাড়ি চালানো চালকদের বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া ভারী জ্যাকেট ও মাফলার দৃষ্টিসীমায় বাধা তৈরি করে এবং কান ঢাকার পোশাক জরুরি যানের সাইরেন শুনতে সমস্যা সৃষ্টি করে।
হাইওয়ে কোডের ৯৭ নম্বর নিয়ম অনুযায়ী, চালকদের এমন পোশাক ও জুতো পরতে হবে যা গাড়ির নিয়ন্ত্রণকে ব্যাহত না করে। এই নিয়ম ভাঙলে তাৎক্ষণিকভাবে ১০০ পাউন্ড জরিমানা ও ড্রাইভিং লাইসেন্সে ৩টি পেনাল্টি পয়েন্ট যোগ হতে পারে। তবে চালকের অসাবধানতার কারণে বড় কোনো ঝুঁকি তৈরি হলে জরিমানার পরিমাণ বেড়ে এক হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে।
যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, ৩১ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে রাত ও সকালে ঘন কুয়াশা পড়তে পারে। এর ফলে শীতের অনুভূতি বাড়লেও সামগ্রিক তাপমাত্রা গড়ের কাছাকাছি থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
#যুক্তরাজ্য #গাড়িচালক #শীতকাল #aknews #onebanglanews















