সাইফ হাসান: যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাজ্যের প্রতিটি নাগরিককে অন্তত তিন দিনের খাবার ও পানি ঘরে মজুদ রাখার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। ‘বি রেডি’ শীর্ষক নতুন এই প্রচারণায় প্রত্যেককে অন্তত ৯ লিটার বোতলজাত পানি এবং প্রয়োজনীয় খাবার সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে। জলবায়ু সংকট, প্রযুক্তির ওপর নির্ভরতা এবং বিদেশি শক্তির সাইবার হা*মলার মতো ঝুঁকি মাথায় রেখেই মূলত এই উদ্যোগ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বড় ধরনের সংকটে টিকে থাকার সক্ষমতা বাড়াতেই সাধারণ মানুষকে এই আগাম প্রস্তুতি নিতে বলা হচ্ছে। আসন্ন শীতকালীন দুর্যোগ ও বিদ্যুৎ বিভ্রাটের মতো অচলাবস্থা মোকাবেলায় এই নির্দেশনা জারি করা হয়েছে।
যুক্তরাজ্যের নিরাপত্তা মন্ত্রী ড্যান জার্ভিস জানিয়েছেন, যাদের পক্ষে সম্ভব তাদের এই পরামর্শ মেনে চলা উচিত। তিনি বলেন, এটি দৈনন্দিন সংকট মোকাবেলার একটি সহজ উপায় এবং এর মাধ্যমে জাতি হিসেবে যেকোনো প্রতিকূলতায় টিকে থাকার শক্তি বাড়বে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেন, রাশিয়া বা অন্য কোনো বৈরী শক্তির মদদে হওয়া সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবকাঠামোর ওপর আঘাত হানার আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে একটি সামরিক কারখানা পরিদর্শনে গিয়ে স্ট্রিটিং জানান, এসব হুমকি কোনো কাল্পনিক বিষয় নয়, বরং অত্যন্ত বাস্তব। সাধারণ পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো আকস্মিক সংকটে কীভাবে সাড়া দেবে, সে ব্যাপারে প্রস্তুত থাকা প্রয়োজন। নতুন নির্দেশনায় ঘরে পর্যাপ্ত কম্বল ও নগদ অর্থ রাখার পাশাপাশি ফার্স্ট এইড কিট, ব্যাটারিসহ টর্চ এবং উইন্ড-আপ এফএম রেডিও সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্রান্স, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো যুক্তরাজ্যও তাদের নাগরিকদের অন্তত ৭২ ঘণ্টার রসদ মজুদের তাগিদ দিচ্ছে। আসন্ন শীতের মৌসুমে তীব্র ঝড় এবং ভবিষ্যতে চরম আবহাওয়ার কারণে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি প্রযুক্তিগত ত্রুটির কারণে ব্রিটিশ সরকারের ৩২টি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়, যা আধুনিক সমাজের প্রযুক্তি নির্ভরতার ঝুঁকিকে সামনে এনেছে।
প্রতিরক্ষা কর্মকর্তারা সতর্ক করেছেন, সমুদ্রের তলদেশের পাইপলাইন ও ইন্টারনেট কেবলে বিদেশি নজরদারি এবং সরবরাহ ব্যবস্থার ওপর হামলার ঝুঁকি দিন দিন বাড়ছে। ১৯৮০ সালে পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় জারি করা বিশেষ প্রচারণার পর যুক্তরাজ্যে সাধারণ মানুষকে সতর্ক করতে এমন বড় ধরনের সরকারি উদ্যোগ খুব কমই দেখা গেছে।
#যুক্তরাজ্যসংবাদ #জরুরিসতর্কতা #আন্তর্জাতিকসংবাদ #aknews #onebanglanews















