আইল্যান্ডসের জার্সি বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল,যান চলাচল বন্ধ…

33

সাইফ হাসান: শক্তিশালী ঝড় অস্টিনের প্রভাবে চ্যানেল আইল্যান্ডসের জার্সি বিমানবন্দরে সকালের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি মারাত্মক রূপ নেওয়ায় সেখানে সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। শুক্রবার সকাল থেকেই দ্বীপটিতে ঘণ্টায় ৮০ মাইলের বেশি বেগে দমকা বাতাস বয়ে যাচ্ছে। এই প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলের পাশাপাশি বন্দর ও যান চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

জার্সি বিমানবন্দরের পাশাপাশি চরম বৈরী আবহাওয়ার কারণে গুয়ের্নসি ও অল্ডারনি বিমানবন্দরও শুক্রবার দুপুর পর্যন্ত বন্ধ রাখা হয়। এছাড়া আইলস অব সিলির সেন্ট মেরিস বিমানবন্দরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭৬ মাইল রেকর্ড করেছে আবহাওয়া অফিস। জার্সি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শুক্রবার বিকেলের দিকে পুনরায় বিমান চলাচল শুরু হতে পারে।

বন্দর পরিচালনাকারী সংস্থা পোর্টস অব জার্সি জানিয়েছে, ফ্লাইট ও নৌ চলাচলে বড় ধরনের ব্যাঘাত ঘটছে। সংস্থাটির এক মুখপাত্র জানান, যাত্রীদের প্রতি তাদের প্রধান বার্তা হলো তারা যেন কোনোভাবেই আগাম নিশ্চিত না হয়ে বিমানবন্দরে না আসেন এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ বজায় রাখেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জার্সি বন্দর বন্ধ রাখা হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকলে শনিবার নাগাদ এটি পুনরায় চালু হতে পারে।

জার্সি আবহাওয়া দপ্তরের প্রধান পল একেড জানান, মধ্যরাত থেকেই তীব্র দমকা হাওয়া শুরু হয় এবং সকালের দিকে এর মাত্রা চরমে পৌঁছায়। তিনি বলেন, ঝড়টি আগের কিছু ঝড়ের মতো অতটা মারাত্মক না হলেও গাছপালা ভেঙে পড়ে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হতে পারে। তিনি স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার এবং বাড়ির জিনিসপত্র শক্ত করে বেঁধে রাখার আহ্বান জানান।

এদিকে পরিস্থিতি বিবেচনায় শুক্রবার দ্বীপের সব শিক্ষাপ্রতিষ্ঠান, লাইব্রেরি এবং পার্কগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জার্সি হেরিটেজের প্রধান নির্বাহী জন কার্টার জানান, কর্মীদের সুরক্ষাই তাদের কাছে সবার আগে এবং ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হাসপাতালের জরুরি ও প্রসূতি সেবা চালু রয়েছে এবং সাধারণ মানুষকে কেবল গুরুতর প্রয়োজনেই জরুরি বিভাগে আসার অনুরোধ করা হয়েছে।

#যুক্তরাজ্যখবর #ঝড়অস্টিন #আবহাওয়াসংবাদ #aknews #onebanglanews