সাইফ হাসান: যুক্তরাজ্যের নটিংহাম সিটি সেন্টারে দায়িত্ব পালনকালে এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। গত রবিবার ভোরে একটি বাস স্টপেজে সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তার ওপর এই হামলা হয়। বর্তমানে গুলিবিদ্ধ ওই কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। এই চাঞ্চল্যকর অপরাধের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রে*প্তার করেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আরও সময় চেয়েছে পুলিশ।
নটিংহামশায়ার পুলিশের সর্বশেষ বিবৃতি অনুযায়ী, গত রবিবার ভোর ৫টার কিছুক্ষণ আগে এই গুলির ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তার পায়ে গুলি লেগেছে এবং তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই কর্মকর্তা ও তার পরিবার এই মুহূর্তে নিজেদের প্রাইভেসি বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ রবিবার সন্ধ্যায় র্যাডফোর্ড এলাকায় একটি গাড়ি থামিয়ে তিনজনকে আটক করে। এদের মধ্যে ২৭ বছর বয়সী এক নারীকে গুরুতর জখম এবং জীবনের ঝুঁকি তৈরি করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র রাখার সন্দেহে আটক করা হয়েছে। গাড়িতে থাকা বাকি দুজন, ২৪ বছর বয়সী এক যুবক ও ২৫ বছর বয়সী এক নারীকে শর্তসাপেক্ষ জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরও কয়েকজনকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। গত ১৯ অক্টোবর বেডফোর্ডশায়ার থেকে ৩০ বছর বয়সী একজনকে আটকের পর লাইসেন্সের শর্ত ভঙ্গের দালায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ২০ অক্টোবর দক্ষিণ-পূর্ব লন্ডন থেকে ২১ বছর বয়সী এক নারীকে আটকের পর তাকেও শর্তসাপেক্ষ জামিন দেওয়া হয়।
সর্বশেষ ২১ অক্টোবর বুধবার বিকেলে বুলওয়েল থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি এবং সন্ধ্যায় অ্যাসপলি থেকে ৩৩ বছর বয়সী এক নারীকে আটক করে পুলিশ। তাদের উভয়ের বিরুদ্ধেই অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা এবং অপরাধীকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা রিচার্ড বুল জানিয়েছেন, এই ভয়াবহ ঘটনার আদ্যোপান্ত জানতে তাদের দল ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছে।
#নটিংহাম #যুক্তরাজ্য #পুলিশ #aknews #onebanglanews















