ক্যানারি ওয়ার্ফে অস্থায়ী আবাসনের জন্যে ১৮০টি নতুন ঘর তৈরী করবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

17

 

অস্থায়ী আবাসনের (টেম্পোরারি হাউজিং) ক্রমবর্ধমান চাহিদা পুরনের লক্ষ্যে ক্যানারি ওয়ার্ফে চারটি অফিসভবন অধিগ্রহণ করে সেগুলোকে ফ্যামিলি হোম বা পারিবারিক বাসস্থানে রূপান্তরের উদ্যোগ নিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

২১ অক্টোবর, বুধবার অনুষ্ঠিত কাউন্সিল ক্যাবিনেট মিটিংয়ে ডকল্যান্ড এলাকার মার্শ ওয়ালের ১৯১, ১৯৩, ১৯৫ ও ১৯৭ নম্বর ভবনগুলো অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করেছে। এই ভবনগুলোকে স্থানীয় পরিবারগুলোর জন্য অস্থায়ী আবাসনে রূপান্তর করা হবে। এই পরিকল্পনার আওতায় প্রায় ১৮০টি বাসস্থান তৈরি হবে, যার মধ্যে ১৬৭টি দুই বেডরুমের এবং ১৩টি তিন বেডরুমের ইউনিট থাকবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বর্তমানে ৩,১০০টিরও বেশি পরিবার অস্থায়ী আবাসনে বসবাস করছে। এর যার মধ্যে বিভিন্ন সাইজের পরিবার প্রায় ২,৭০০টি। প্রতি বছর হোমলেস বা গৃহহীন পরিবারের সংখ্যা প্রায় ১১ শতাংশ হারে বাড়ছে।

অস্থায়ী আবাসনের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং বারার বাইরে ব্যয়বহুল ভাড়ার আবাসনের উপর নির্ভরতা কমানোর লক্ষ্যে কাউন্সিল বারার ভেতরেই আরও বেশি বাসস্থান তৈরির উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন: “প্রতিটি পরিবারেরই তাদের নিজস্ব কমিউনিটি, স্কুল এবং সহায়তাকারী নেটওয়ার্কের কাছাকাছি একটি নিরাপদ ও সুরক্ষিত স্থানে বসবাসের অধিকার রয়েছে।”

তিনি বলেন, “এই ভবনগুলোকে কাউন্সিলের ব্যবহারের আওতায় আনার মাধ্যমে আমরা প্রায় ১৮০টি পারিবারিক বাসস্থান (ফ্যামিলি হোম) তৈরির সুযোগ পাচ্ছি, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের জন্য উন্নত আবাসন ব্যবস্থা নিশ্চিত করবে।”

নির্বাহী মেয়র আরো বলেন, “এই বিনিয়োগ আমাদের ব্যয়বহুল দৈনিক ভাড়ার আবাসনের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি অনেক পরিবারকে টাওয়ার হ্যামলেটসেই থাকতে এবং তাদের সহায়তাকারী নেটওয়ার্কের কাছাকাছি অবস্থান করতে সহায়তা করবে।”

এই প্রস্তাবটি আবাসন সুবিধা বৃদ্ধি এবং আবাসন অনিশ্চয়তার সম্মুখীন বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে কাউন্সিলের বৃহত্তর অঙ্গীকারেরই একটি অংশ। এই ইউনিটগুলো স্থানীয় অস্থায়ী আবাসন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ফাইনান্স এবং এসেট বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেছেন, “লন্ডন জুড়ে কাউন্সিলগুলো হোমলেসনেস বা গৃহহীনতা বৃদ্ধি এবং অস্থায়ী আবাসনের ব্যয়ভারজনিত ব্যাপক চাপের সম্মুখীন হচ্ছে। এই প্রস্তাবটি আমাদের বিদ্যমান ভবনগুলোকে কৌশলগতভাবে ব্যবহারের সুযোগ করে দেবে, যার মাধ্যমে  পরিবারগুলোর জন্য উন্নত মানের আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে। এটি বাসিন্দাদের জন্য অধিকতর সুফল বয়ে আনবে এবং দীর্ঘমেয়াদে আবাসন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় কাউন্সিলের সক্ষমতাকে শক্তিশালী করবে।”

কাউন্সিলর তালহা আরও বলেন, “টাওয়ার হ্যামলেটসে গৃহহীন পরিবারগুলোকে রাখতে পারার অর্থ হলো, শিশুরা তাদের স্কুল ও বন্ধুদের কাছাকাছি থাকতে পারবে, আর বাসিন্দারা তাদের কর্মস্থল, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও পারিবারিক পরিমণ্ডলের সান্নিধ্যে থাকতে পারবে। মানুষ যখন তাদের নিজস্ব কমিউনিটির মধ্যে থাকে, তখন যে ব্যাপক সামাজিক, শিক্ষাগত ও স্বাস্থ্যগত সুফল পাওয়া যায়, তার কোনো আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব নয়।”