সাইফ হাসান: যুক্তরাজ্যের সাউথ ইস্ট ইংল্যান্ডে আ*ঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঝড় অস্টেন। এর প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে ৭০ মাইল বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের কারণে ইতোমধ্যে বেশ কিছু অনুষ্ঠান বাতিল এবং সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবারের জন্য ওই অঞ্চলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে ভ্রমণের আগে ট্রেনের সময়সূচি যাচাই করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যের মেট অফিস সাউথ ইস্ট ইংল্যান্ডের জন্য বাতাসের হলুদ সতর্কতা জারি করেছে। শুক্রবার এই অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ১১৩ কিলোমিটার বা ৭০ মাইল বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই কারণে উপকূলীয় এলাকাগুলোতে মধ্যরাত থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং অভ্যন্তরীণ এলাকাগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সতর্কতা বলবৎ থাকবে।
ঝড়ের প্রভাবে ইস্ট সাসেক্সের ইস্টবোর্ন সমুদ্র সৈকতের বেশ কিছু অংশ এবং ব্যান্ডস্ট্যান্ড বন্ধ রাখা হবে। কেন্টের বেটেশ্যাঙ্গার কান্ট্রি পার্কও আবহাওয়া খারাপ থাকার পূর্বাভাস থাকায় শুক্রবার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া ওয়েস্ট সাসেক্সে শনিবারের হোরশাম ফায়ারওয়ার্কস নাইট এবং অ্যাশার্স্ট উড বনফায়ার সোসাইটির পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল করেছেন আয়োজকরা।
ঝড়ো হাওয়ার কারণে রেললাইনে গাছ বা অন্যান্য বস্তু উড়ে এসে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটাতে পারে বলে সতর্ক করেছে নেটওয়ার্ক রেল। তাই যাত্রীদের ভ্রমণের আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার এবং হাতে বাড়তি সময় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া রেললাইনের আশেপাশে বসবাসকারীদের তাদের বাগানের ট্রাম্পোলিন বা আসবাবপত্র নিরাপদে বেঁধে রাখার অনুরোধ জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের কারণে কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে। সাউথ ওয়েস্ট ইংল্যান্ডের কিছু অংশে এখনও বাতাসের অরেঞ্জ বা কমলা সতর্কতা জারি রয়েছে। বিরূপ পরিস্থিতিতে সমুদ্রে যেকোনো ধরনের বিপদ এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন।
#যুক্তরাজ্য #আবহাওয়া #ঝড়অস্টেন #aknews #onebanglanews















