ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পাওয়া রহস্যময় লা*শের পরিচয় অবশেষে প্রকাশ…

44

সাইফ হাসান: ওয়েস্টমিনস্টার অ্যাবেতে উদ্ধার হওয়া প্রাচীন রোমান কফিনের ভেতরের লাশের রহস্য অবশেষে সমাধান হয়েছে। কফিনের গায়ে ভ্যালেরিয়াস আমান্ডিনাস নামের এক রোমান ব্যক্তির নাম লেখা থাকলেও ভেতরের লাশটি তার নয়। প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, এই মৃতদেহটি সম্ভবত একাদশ শতাব্দীর কোনো মঠাধ্যক্ষের। দীর্ঘদিন ধরে এই কফিন এবং এর ভেতরের লাশটি নিয়ে বিশেষজ্ঞদের মাঝে গভীর কৌতূহল ছিল। রেডিওকার্বন ডেটিংয়ের মাধ্যমে হাজার বছরের পুরনো এই রহস্যের জট খুলেছে।

১৮২০ সালে ওয়েস্টমিনস্টার অ্যাবের মাঠে এই চুনাপাথরের কফিনটি প্রথম আবিষ্কৃত হয়। পরবর্তীতে ১৮৬৯ সালে হেনরি থার্ডের নির্মিত একটি এলাকার মাটি খুঁড়ে এটি আনুষ্ঠানিকভাবে বের করে আনা হয়। চতুর্থ শতাব্দীর এই কফিনটিতে রোমান যুগের নকশা থাকলেও পরবর্তী সময়ে এর ঢাকনায় অ্যাংলো-স্যাক্সন ক্রুশ আঁকা হয়েছিল।

কফিনের ভেতরের কঙ্কালটি হারিয়ে গেছে বলে আগে ধারণা করা হলেও ২০১৮ সালে ল্যাবরেটরিতে তা নতুন করে খুঁজে পান বিশেষজ্ঞরা। ওয়েস্টমিনস্টার অ্যাবের প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক ওয়ারউইক রডওয়েল জানান, ঢাকনা খোলার পর তারা ভেতরে কঙ্কালটি দেখতে পান। পরীক্ষা করে দেখা যায়, এটি ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার ৩৫ থেকে ৪৯ বছর বয়সী এক ব্যক্তির দেহাবশেষ।

রেডিওকার্বন ডেটিং থেকে জানা যায়, হাড়গুলো দশম শতাব্দীর শেষভাগ বা একাদশ শতাব্দীর শুরুর দিকের। রডওয়েল বলেন, এত চমৎকার কফিনে নিচু স্তরের কাউকে কবর দেওয়া হতো না, তাই এটি নিশ্চিতভাবেই কোনো বড় মাপের ধর্মযাজকের কঙ্কাল। তার মতে, এটি সম্ভবত ১০২০ সালের দিকে মারা যাওয়া মঠাধ্যক্ষ আয়েলফউইগ অথবা ১০৪৯ সালে মারা যাওয়া উলফনথের দেহাবশেষ হতে পারে।

#ওয়েস্টমিনস্টারঅ্যাবে #প্রত্নতত্ত্ব #রোমানকফিন #aknews #onebanglanews