ইংল্যান্ডের আদালতে হাজির না হলে অপরাধীদের কড়া শাস্তি…

31

সাইফ হাসান: ইংল্যান্ড এবং ওয়েলসে অপরাধীদের জন্য নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত না হলে তাদের কড়া শাস্তি দেওয়া হবে। বিচারকরা এখন থেকে কারাগারে তাদের দর্শনার্থী সুবিধা বাতিল বা বেশি সময় সেলে বন্দি রাখতে পারবেন। মূলত ভুক্তভোগীদের পরিবারের সামনে অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী বছর থেকে নতুন এই আইন কার্যকর করা হবে।

আগামী বছর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মে বিচারকদের ক্ষমতা আরও বাড়ানো হচ্ছে। এর ফলে যারা সাজা ঘোষণার সময় আদালতে আসতে চাইবে না, তাদের জেলখানার বিভিন্ন সুবিধা ৮৪ দিনের জন্য বাতিল হতে পারে। এমনকি তাদের ২১ দিন পর্যন্ত সেলের ভেতরেই আটকে রাখা হতে পারে এবং দর্শনার্থীদের সঙ্গে দেখাও বন্ধ হয়ে যেতে পারে।

যুক্তরাজ্যের কারা প্রতিমন্ত্রী ক্যাথরিন ম্যাককিন্নাল জানিয়েছেন, অপরাধীরা নিজেদের ইচ্ছেমতো বিচারকদের সামনে যাওয়ার সময় বেছে নিতে পারে না। আদালতে উপস্থিত না হওয়াটা ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য বড় একটি অপমান। তাই এমন অপরাধীদের অবশ্যই কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।

প্রিজন রিফর্ম ট্রাস্টের প্রধান নির্বাহী পিয়া সিনহা অবশ্য এই নিয়মের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি মনে করেন, এই ধরনের শাস্তির ফলে শুধু বন্দিরাই নয়, বরং তাদের শিশু সন্তান ও পরিবারের সদস্যরাও ক্ষতিগ্রস্ত হবে, যাদের কোনো অপরাধ নেই। তবে শিশুদের সঙ্গে দেখা করার বিষয়টি এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হতে পারে বলে জানিয়েছে বিচার মন্ত্রণালয়।

ইংল্যান্ড ও ওয়েলসের ভিকটিমস কমিশনার ক্লেয়ার ওয়াক্সম্যান সরকারের এই ঘোষণাকে ভুক্তভোগী পরিবারের দীর্ঘদিনের কষ্টের ফল হিসেবে দেখছেন। তিনি বলেন, অপরাধীরা যখন আদালতে আসতে অস্বীকৃতি জানায়, তখন ভুক্তভোগী পরিবারগুলো বিচার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থেকে বঞ্চিত হয়। তাই এই নিয়মগুলো আদালত ও কারাগারে কঠোরভাবে মেনে চলা খুব জরুরি।

#যুক্তরাজ্য #আদালত #অপরাধী #aknews #onebanglanews