যুক্তরাজ্যের অবৈধ মানবপাচার চক্রের তিনজন গ্রেফতার

38

সাইফ হাসান: শত শত অভিবাসীকে আকাশপথে অবৈধভাবে যুক্তরাজ্যে পাঠানোর অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে। বহুজাতিক এক যৌথ তদন্তের পর তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হলো। ইউরোপের বিভিন্ন দেশের পুলিশের সহায়তায় যুক্তরাজ্যের একটি বিশেষ তদন্ত ইউনিট এই অভিযান পরিচালনা করে। অভিযুক্ত তিনজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। আকাশপথে মানবপাচারের এমন ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

আদালতে হাজির করা তিন ব্যক্তি হলেন স্লোর বাসিন্দা ৫৮ বছর বয়সী ইকবাল খোখার, ব্রেন্টফোর্ডের ৪৯ বছর বয়সী ইলজিত চোপড়া এবং পূর্ব লন্ডনের নিউহ্যামের ৪১ বছর বয়সী আদিল খান। মঙ্গলবার তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করার পর স্লোর ইস্ট বার্কশায়ার ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক সবাইকে হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

তদন্তকারী সংস্থা জানায়, ইকবাল খোখার ও ইলজিত চোপড়ার বিরুদ্ধে যুক্তরাজ্যে বেআইনিভাবে অভিবাসী প্রবেশ করানোর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এর পাশাপাশি খোখারের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে ভুয়া পরিচয়পত্র নিজের কাছে রাখার অভিযোগ রয়েছে। অপর অভিযুক্ত আদিল খানের বিরুদ্ধে অপরাধমূলক কাজে অর্জিত সম্পদ নিজের নিয়ন্ত্রণে রাখার অভিযোগ গঠন করা হয়েছে।

ইউরোপোল জানিয়েছে, একটি আন্তর্জাতিক চক্র ইউরোপের মূল ভূখণ্ড থেকে আকাশপথে এসব অভিবাসীকে যুক্তরাজ্যে নিয়ে আসত। সাউথ ইস্ট রিজিওনাল অর্গানাইজড ক্রাইম ইউনিটের প্রধান ডিটেকটিভ চিফ সুপারিনটেনডেন্ট স্টিভ বনিফেস বলেন, ইতালি, অস্ট্রিয়া ও স্পেনের অংশীদারদের সহায়তায় পরিচালিত এই অভিযান প্রমাণ করে যে ইউরোপোল ও ন্যাশনাল ক্রাইম এজেন্সির মতো সংস্থাগুলোর সঙ্গে তাদের কাজের বোঝাপড়া কতটা শক্তিশালী।

আন্তর্জাতিক এই বিশাল তদন্ত কার্যক্রমে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের পুলিশ অংশ নেয়। এছাড়া পুরো প্রক্রিয়ায় সক্রিয় সহায়তা জুগিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ প্রশাসনও।

#যুক্তরাজ্য #মানবপাচার #আন্তর্জাতিক_সংবাদ #aknews #onebanglanews