সাইফ হাসান: যুক্তরাজ্যের এনএইচএস ট্রাস্টের এক নার্স ট্রান্সজেন্ডার রোগীর তথ্যের গোপনীয়তা ভঙ্গের অভিযোগ থেকে মুক্তি পেয়ে কাজে ফিরছেন। জেনিফার মেলেক নামের ওই নার্সকে রোগীর লিঙ্গ পরিচয় নিয়ে ভুল সম্বোধন ও গণমাধ্যমে কথা বলায় বরখাস্ত করা হয়েছিল। তদন্তে দেখা গেছে তিনি রোগীর পরিচয় প্রকাশ করেননি এবং উল্টো তিনিই বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন। দীর্ঘ তদন্ত শেষে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নির্দোষ ঘোষণা করে পুনরায় চাকরিতে বহাল করেছে।
দক্ষিণ লন্ডনের ক্রয়ডনের বাসিন্দা জেনিফার মেলেককে কিছুদিন আগে ক্লিনিক্যাল দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি একজন ট্রান্সজেন্ডার রোগীকে ভুল সর্বনামে ডাকার পর সতর্কবার্তা পেয়ে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা ছিল এতে হয়তো রোগীর গোপন তথ্য বা চিকিৎসার বিস্তারিত ফাঁস হয়েছে, তবে তদন্তে তার কোনো প্রমাণ মেলেনি।
ঘটনার সূত্রপাত হয় ২০২৪ সালের মে মাসে, যখন জেনিফার একজন ট্রান্সজেন্ডার নারীকে ‘মিস্টার’ বলে সম্বোধন করেছিলেন। এরপর ওই রোগী নার্সের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে বর্ণবাদী ভাষায় আক্রমণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তখন জেনিফারকে লিখিত নোটিশ দেওয়ার পাশাপাশি ওই রোগীও যেন আর খারাপ আচরণ না করেন, সে বিষয়ে সতর্ক করেছিল।
এপসম এবং সেন্ট হেলিয়ার এনএইচএস ট্রাস্ট জানিয়েছে, তাদের কর্মীর ওপর বর্ণবাদী আচরণ কখনোই গ্রহণযোগ্য নয় এবং জেনিফার কাজে ফেরায় তারা খুশি। জেনিফার জানিয়েছেন, দীর্ঘ ও কঠিন সময় পার করে এই সিদ্ধান্তে তিনি স্বস্তি পেয়েছেন। তবে নিজের ধর্মীয় বিশ্বাস ও বৈষম্যের অভিযোগ তুলে তিনি এপ্রিল মাসে ট্রাস্টের বিরুদ্ধে ট্রাইব্যুনালে লড়ার ঘোষণা দিয়েছেন।
#যুক্তরাজ্য #এনএইচএস #নার্স #ট্রান্সজেন্ডার #aknews #onebanglanews















