লন্ডনের যেসব ফ্লাইট সমূহ বিলম্ব হতে পারে !

92

সাইফ হাসান: এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাজ্যজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। হিথ্রো ও গ্যাটউইকসহ লন্ডনের প্রধান বিমানবন্দরগুলো থেকে অধিকাংশ বহির্গামী ফ্লাইট ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে। পরিস্থিতি সামাল দিতে জাতীয় এয়ার ট্রাফিক পরিষেবা কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ত্রুটি মেরামতের কাজ করছে। তবে জটিলতা দ্রুত না কাটলে এই বিপর্যয় রাত পর্যন্ত গড়াতে পারে বলে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে ব্রিটিশ এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থা ন্যাতস এক বিবৃতিতে জানায় যে একটি কারিগরি সমস্যার কারণে ফ্লাইট উড্ডয়ন ব্যাহত হচ্ছে। তাদের প্রকৌশলীরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন। এই অচলাবস্থার কারণে যাত্রীদের ভোগান্তির জন্য ক্ষমা চেয়ে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

যুক্তরাজ্যের সর্ববৃহৎ হিথ্রো বিমানবন্দরে অবতরণ চালু থাকলেও লন্ডন থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা ফ্লাইটগুলোর সূচি পুরোপুরি ভেঙে পড়েছে। হিথ্রোর পাশাপাশি গ্যাটউইক, স্ট্যানস্টেড, লন্ডন সিটি ও ম্যানচেস্টার বিমানবন্দরে দুপুর দুইটার পর থেকে প্রায় সব ফ্লাইট মারাত্মক বিলম্বের কবলে পড়ে। বেশ কয়েকটি এয়ারলাইন্স বাধ্য হয়ে তাদের নির্ধারিত ফ্লাইট বাতিলও করেছে।

ইউরোপীয় উড্ডয়ন সংস্থা ইউরোকন্ট্রোল জানিয়েছে যে অন্যান্য দেশ থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়া বেশ কিছু বিমানকেও বিদেশি বিমানবন্দরে আটকে রাখা হয়েছে। হিথ্রোর পাশাপাশি বার্মিংহাম, বেলফাস্ট ও এডিনবরা বিমানবন্দর কর্তৃপক্ষও কার্যক্রমে ব্যাঘাতের কথা স্বীকার করে যাত্রীদের চরম সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে।

#যুক্তরাজ্যফ্লাইট #হিথ্রোবিমানবন্দর #বিমানবিপর্যয় #এয়ারট্রাফিক #aknews #onebanglanews