ইয়র্কশায়ারের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃ*ত্যু চালক অভিযুক্ত

39

সাইফ হাসান: যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে বেপরোয়া গাড়ি চালিয়ে দুই শিশুসহ ছয়জনকে মা\রা ফেলার অভিযোগে ক্রিস্টোফার ককেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ২১ জুলাই বার্নসলে ও ওয়েকফিল্ডের মধ্যবর্তী এ৬১ সড়কে একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এই ঘটনা ঘটে। ভয়াবহ সেই দুর্ঘটনায় শেন রোলার ও শ্যানন মরগান দম্পতি তাদের দুই শিশুকন্যাসহ ঘটনাস্থলেই অঙ্গার হয়ে যান। একই সঙ্গে মোটরসাইকেলে থাকা ক্রিস্টোফার ও জেনাইন বার্টন দম্পতিও প্রাণ হারান। অভিযুক্ত ৫০ বছর বয়সী ওই চালককে আগামী ২৮ অক্টোবর লিডস ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকাল ৩টা ৫০ মিনিটে স্টেনক্রস ও নিউমিলারড্যামের মাঝামাঝি এক লেনের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। সেখানে ক্রিস্টোফার বার্টনের বিএমডব্লিউ মোটরসাইকেলটি আরেকটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা শেন রোলারের সিলভার ফোর্ড ফোকাস গাড়ির সঙ্গে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় গাড়িটি ছিটকে গিয়ে সড়কের পাশে মুহূর্তে আগুন ধরে যায়। গাড়ির ভেতর আটকে থাকা চারজনকে কোনোভাবেই উদ্ধার করা সম্ভব হয়নি এবং ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করেন প্যারামেডিকরা।

নিহত শেন রোলার ও শ্যানন মরগান দম্পতির ১১ বছর বয়সী আরেক কন্যা ছিল, যে ঘটনার সময় গাড়িতে না থাকায় অলৌকিকভাবে বেঁচে যায়। এতিম মেয়েটির ভবিষ্যৎ সহায়তায় পারিবারিক বন্ধুরা একটি তহবিল খুলে চার লাখ পাউন্ডেরও বেশি অর্থ সংগ্রহ করেছেন। শেন রোলারের বাবা গ্রাহাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় জানান, তারা ছিলেন এক অসাধারণ অভিভাবক এবং নিজের ছোট্ট পরিবারকে ঘিরেই ছিল তাদের পুরো দুনিয়া। নিহত দুই কন্যা রুবি ও লিলি যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ত, সেখানকার শিক্ষকরাও তাদের স্মৃতিচারণ করে গভীর শোক জানিয়েছেন।

অন্যদিকে মোটরসাইকেলে থাকা বার্নসলের বাসিন্দা ক্রিস্টোফার ও জেনাইন বার্টন দম্পতি দুর্ঘটনার কিছুদিন আগেই তাদের ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন। তাদের সন্তান পুলিশকে দেওয়া এক শোকবার্তায় জানান, বাবা-মা সবসময় নিজেদের চেয়ে সন্তানের সুখকে অগ্রাধিকার দিতেন। ভয়াবহ সেই সংঘর্ষে ছয়টি তাজা প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত চালক ক্রিস্টোফার ককেলের বিচার প্রক্রিয়া এখন লিডস ম্যাজিস্ট্রেট আদালতে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।

#যুক্তরাজ্য #সড়কদুর্ঘটনা #আন্তর্জাতিকসংবাদ #aknews #onebanglanews