যুক্তরাজ্যে যে ভাইরাস মে*রে ফেলছে লাখো গবাদিপশু!

92

সাইফ হাসান: যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসে প্রাণঘাতী ব্লুটং ভাইরাসের সংক্রমণ নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে। এই অঞ্চলে নিশ্চিত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮টিতে যার মধ্যে স্টাফোর্ডশায়ার কাউন্টিতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দেশব্যাপী এই প্রাদুর্ভাবে বহু ভেড়া এবং গরু আক্রান্ত হওয়ায় খামারিদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত পশুকে টিকা দেওয়ার পরামর্শ দিয়ে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে দেশটির পরিবেশ ও কৃষি বিভাগ।

যুক্তরাজ্যের পরিবেশ, খাদ্য ও পল্লী বিষয়ক বিভাগের তথ্যে জানা গেছে, ওয়েস্ট মিডল্যান্ডসের স্টাফোর্ডশায়ারে নতুন চারটি সংক্রমণ শনাক্ত হওয়ায় কাউন্টিতে আক্রান্ত খামারের সংখ্যা দাঁড়িয়েছে ২৪টিতে। এছাড়া শ্রপশায়ারে নয়টি, হেয়ারফোর্ডশায়ারে দুটি এবং ওরচেস্টারশায়ার, ওয়ারউইকশায়ার ও সলিহুলে একটি করে সংক্রমণ ধরা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো ইংল্যান্ডজুড়ে পশু চলাচলে বিধিনিষেধ জারি রাখা হয়েছে।

শ্রপশায়ারের লুডলো এলাকার গরু ও ভেড়ার খামারি গ্রাহাম প্রাইস বর্তমান পরিস্থিতিকে ২০০১ সালের ভয়ংকর ক্ষুরারোগ মহামারির সঙ্গে তুলনা করেছেন। তিনি নিজের খামারের পশুকে টিকা দিতে শুরু করেছেন এবং অন্য খামারিদেরও দেরি না করে পশু চিকিৎসকের সঙ্গে কথা বলে দ্রুত টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

জাতীয় পর্যায়ে এবারের মৌসুমে ব্লুটংয়ের বিটিভি-৩ ধরনটি ৭৮৩টি ক্ষেত্রে নিশ্চিত হয়েছে এবং প্রায় আড়াই হাজার সম্ভাব্য সংক্রমণ তদন্তাধীন রয়েছে। কামড় দেওয়া মাছির মাধ্যমে ছড়ানো এই রোগে আক্রান্ত পশুদের জ্বর, দুর্বলতা ও শ্বাসকষ্ট দেখা দেয় এবং অনেক ক্ষেত্রে বাচ্চা পশু মারা যায়। মার্চ মাস থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এ পর্যন্ত ১ হাজার ২৭৮টি ভেড়া ও ৩১৩টি গরুসহ বেশ কিছু আলপাকা ও লামা আক্রান্ত হয়েছে।

#যুক্তরাজ্যসংবাদ #কৃষিসংবাদ #ব্লুটংভাইরাস #aknews #onebanglanews