নতুন বাড়ি ক্রেতাদের জন্য সরকারের ঐতিহাসিক সুযোগ,যা বললেন প্রধানমন্ত্রী…

291

সাইফ হাসান: যুক্তরাজ্যের তরুণ ও প্রথমবার বাড়ি ক্রেতাদের জন্য নতুন আবাসন সহায়তা প্রকল্পের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। পরিবার থেকে আর্থিক সহায়তা পান না এমন আয়ের মানুষদের আবাসন মালিকানার সুযোগ করে দিতে ‘ইউর ফার্স্ট হোম’ নামে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় প্রথমবার বাড়ি ক্রেতারা নতুন তৈরি বাড়ি কিনতে মাত্র ২.৫ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে ২০ শতাংশ সরকারি ঋণ পাবেন। লিভারপুলে লেবার পার্টির বার্ষিক সম্মেলনের প্রাক্কালে দ্য গার্ডিয়ানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম দ্য গার্ডিয়ানকে বলেন, বহু তরুণ বর্তমানে নিজস্ব একটি বাড়ির স্বপ্ন হারিয়ে ফেলছেন। তাই পরিবারের আর্থিক সমর্থনের সুযোগ না থাকা মানুষদের লক্ষ্য করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, এই উদ্যোগ তরুণদের হাতে ঘরের চাবি পৌঁছে দেবে এবং আবাসন নির্মাতাদের মানসম্মত নতুন বাড়ি তৈরিতে আস্থা জোগাবে।

নতুন এই প্রকল্পে সর্বোচ্চ পারিবারিক আয় এবং জমার পরিমাণের ওপর নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে, যাতে ধনিক শ্রেণি নয় বরং প্রকৃত সুবিধাভোগীরাই এতে অংশ নিতে পারেন। বাজেটে এই প্রকল্প ঘোষণা করবেন জন হিলি এবং ২০২৬ সালের শেষ নাগাদ এতে আবেদন নেওয়া শুরু হবে। এছাড়া দীর্ঘমেয়াদে ফাঁকা ও পরিত্যক্ত বাড়িগুলো অধিগ্রহণ করতে স্থানীয় কাউন্সিলদের ক্ষমতাও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে তিন লাখেরও বেশি দীর্ঘমেয়াদি খালি বাড়িকে প্রয়োজনে কাজে লাগানো সহজ হবে।

আবাসন সহায়তা দিতে গেলে বাজারে বাড়ির দাম আরও বেড়ে যেতে পারে—এমন শঙ্কা উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী জানান, সরকার সামগ্রিকভাবে নতুন বাড়ি তৈরির সংখ্যা বৃদ্ধি করতে কাজ করছে। তবে আবাসনমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার গত সপ্তাহেই স্বীকার করেছেন যে, আগামী নির্বাচনের আগে ইংল্যান্ডে ১৫ লাখ নতুন বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

২০১৩ সালে সাবেক অর্থমন্ত্রী জর্জ ওসবোর্নের সময় প্রথম এ ধরনের সহায়তা স্কিম চালু হয়েছিল, যার মাধ্যমে লাখ লাখ ক্রেতা উপকৃত হলেও ধনীদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে বার্নহামের সরকার বর্তমান বাজেট পুনর্বিন্যাসের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করবে, যাতে মধ্যবিত্ত ও তরুণ ক্রেতারা স্বস্তি পান।

#যুক্তরাজ্য #আবাসনপ্রকল্প #অ্যান্ডিবার্নহাম #aknews #onebanglanews