যুক্তরাজ্যের বার্মিংহামে ভারি বৃষ্টি,বন্যার পানিতে প্লাবিত বহু বাড়ি

75

সাইফ হাসান: যুক্তরাজ্যের বার্মিংহাম ও ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলে ভারি বৃষ্টির কারণে তীব্র বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, বার্মিংহামে পঞ্চান্নটিরও বেশি বসতবাড়ির ভেতর পানি ঢুকে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে প্রায় এক মিটার পর্যন্ত পানি উঠেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী এবং ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।

ওয়েস্ট মিডল্যান্ডসের পেরি বার এলাকার কারবার রোড, থর্নব্রিজ অ্যাভিনিউ এবং হ্যাডন রোডে আকস্মিক প্লাবনের ফলে জরুরি উদ্ধার তৎপরতা শুরু হয়। ভারী বৃষ্টির প্রভাবে স্থানীয় পেরি ব্রুক খালের পাড় ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। বার্মিংহাম সিটি কাউন্সিল জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে এবং বিদ্যুৎনির্ভর চিকিৎসাসেবা প্রয়োজন এমন বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বন্যার কারণে স্থানীয় বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও বাসিন্দা চরম সংকটে পড়েছেন। গ্রেট বারের বাসিন্দা লেয়া কোর্টনি জানান, তার ব্যবসাপ্রতিষ্ঠানের সরঞ্জাম ও মালামাল পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। একইভাবে স্ট্যাফোর্ডের স্যান্ডন রোড ও চেজটাউনের সেন্ট অ্যানস ক্লোজ এলাকাতেও পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্ট্যাফোর্ড ও বার্নটউডসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বহু রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় পরিবেশ অধিদপ্তর ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের বেশ কয়েকটি নদীর তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরিস্থিতির আরও অবনতি রোধে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

#যুক্তরাজ্যবন্যা #বার্মিংহাম #আন্তর্জাতিকসংবাদ #aknews #onebanglanews