সাইফ হাসান: যুক্তরাজ্যপ্রবাসী বোনের সরকারবিরোধী সক্রিয়তার জেরে মিসরে গ্রেপ্তার হয়েছেন ইমান আল-শাজলি নামের এক ব্রিটিশ-মিসরীয় নারী। কায়রো সফরকালে তাকে আটক করা হয় বলে দাবি করেছেন তার আইনজীবীরা। তার বোন মোনা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসে মিসর সরকারের তীব্র সমালোচনা করে আসছেন। ইমানকে মুক্ত করতে এখন ব্রিটিশ সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার ও আইনজীবীরা।
যুক্তরাজ্যের বার্মিংহামের বাসিন্দা ৪৫ বছর বয়সী চার সন্তানের জননী ইমান আল-শাজলি গত ১৬ আগস্ট মিসরে গ্রেপ্তার হন। অসুস্থ মাকে দেখাশোনা করতে দুই মাস আগে তিনি কায়রো গিয়েছিলেন। এর আগে তার দুই ভাইকেও গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী। আইনজীবীদের অভিযোগ, যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেলে মিসর সরকারের কঠোর সমালোচনা বন্ধ করতেই মোনার পরিবারকে এভাবে নিশানা করা হচ্ছে।
ইমানের আইনজীবী আরফান রশিদ জানান, ইমান কখনোই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। মোনার রাজনৈতিক তৎপরতার কারণে পুরো পরিবার এখন চাপের মুখে রয়েছে। এমনকি ইমানের দুই ভাই হাসান ও ঈদকেও একই ধরনের মামলায় আটক রাখা হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর ইমানের স্বামীকে নিশ্চিত করেছে যে তাকে রমাদান রিহ্যাবিলিটেশন সেন্টারে রাখা হয়েছে।
ইমানের বোন মোনা জানান, তিনি কোনো আইন ভঙ্গ করেননি এবং সরকারের অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবেন না। ব্রিটিশ নাগরিক ইমানকে উদ্ধারে যুক্তরাজ্যের নতুন কূটনৈতিক দূত অ্যালিস্টার বার্টের হস্তক্ষেপ চেয়েছেন আইনজীবীরা। কায়রোতে অবস্থিত ব্রিটিশ দূতাবাস ইমানের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেও মিসরীয় কর্তৃপক্ষ এখনও কোনো ইতিবাচক সাড়া দেয়নি।
#যুক্তরাজ্য #মিসর #আন্তর্জাতিকসংবাদ #aknews #onebanglanews















