ব্রিটেনে ভয়াবহ আগুন: পুড়ে ছাই একাধিক ব্যবসা প্রতিষ্ঠান!

65

সাইফ হাসান: যুক্তরাজ্যের ওয়েস্টন-সুপার-মেয়ারের একটি শিল্প এলাকায় বড় ধরনের ঘাসের আগুনের ঘটনায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার ভোরে লকিং ফার্ম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ছড়িয়ে পড়া এই আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন ৭৫ জন দমকলকর্মী। অগ্নিকাণ্ডের কারণে এ৩৭১ প্রধান সড়কের অংশবিশেষ দিনভর বন্ধ রাখা হয়। আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আশপাশের এলাকায় এখনও ঘন ধোঁয়া ছেয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষায় ঘরবাড়ির জানালা ও দরজা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এভন ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার ভোর ৩টা ৩ মিনিটে লকিং ফার্ম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে অগ্নিকাণ্ডের খবর পায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওয়েস্টন, ইয়াটন, ক্লিভডন ও সাউথমীডসহ প্রায় বারোটি স্টেশন থেকে দমকলের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এভন অ্যান্ড সমারসেট পুলিশের সহযোগিতায় এলাকার মূল সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

অগ্নিকাণ্ডে একাধিক বাণিজ্যিক ইউনিটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২০১২ সাল থেকে সেখানে এমওটি সেন্টার পরিচালনা করা ব্যবসায়ী জোনাথন হার্ভে জানান, আগুনের তীব্রতায় তার পুরো প্রতিষ্ঠানটি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে ব্যবসা কেন্দ্রের ম্যানেজার মার্টিন ফে জানান, প্রতিষ্ঠানে বিপুল আর্থিক ক্ষতি হলেও সৌভাগ্যবশত কোনো ব্যক্তি হতাহত হননি।

এভন ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের এরিয়া কমান্ডার স্টিভ কুইন্টন জানান, অগ্নিকাণ্ডের চূড়ান্ত মুহূর্তে ৭৫ জন দমকলকর্মী সরাসরি আগুন নেভানোর কাজে অংশ নেন। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে আগুনের সূত্রপাত পাশের একটি খোলা মাঠ থেকেই হয়েছিল। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

#যুক্তরাজ্য #অগ্নিকাণ্ড #আন্তর্জাতিক_খবর #aknews #onebanglanews