আইনি বাধা পেরিয়ে চালু হচ্ছে গেটউইকের দ্বিতীয় রানওয়ে

49

সাইফ হাসান: আইনি জটিলতা কাটিয়ে অবশেষে লন্ডনের গেটউইক বিমানবন্দরে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় রানওয়ের সম্প্রসারণ কাজ। পরিবেশবাদীদের আইনি চ্যালেঞ্জ আপিল বিভাগ খারিজ করে দেওয়ায় এই মেগা প্রকল্পের বাস্তবায়নে আর কোনো বাধা রইল না। ২২০ কোটি পাউন্ড ব্যয়ের এই প্রকল্পের মাধ্যমে বিমানবন্দরে বছরে অতিরিক্ত প্রায় ১ লাখ ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে। পরিবহনমন্ত্রী হাইডি আলেকজান্ডার এই রায়কে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে এক বড় মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। সব ঠিক থাকলে ২০৩০ সালের মধ্যেই এই নতুন রানওয়ে বাণিজ্যিকভাবে চালুর আশা করছে কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর গেটউইকের এই উন্নয়ন পরিকল্পনা সম্প্রতি সরকারের অনুমোদন লাভ করে। কিন্তু এর ফলে পরিবেশ ও জলবায়ুর ওপর বিরূপ প্রভাব পড়বে দাবি করে স্থানীয় বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন আদালতে রিট আবেদন করে। মঙ্গলবার আপিল বিভাগ সেই রিট বাতিল করে দিলে দীর্ঘ আট বছরের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার অবসান ঘটে বলে জানান গেটউইকের প্রধান নির্বাহী পিয়েরে-হিউগস স্মিট।

নতুন পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরটি তাদের বিদ্যমান জরুরি রানওয়েকে সামান্য সরিয়ে এনে নিয়মিত যাত্রী ফ্লাইটের জন্য ব্যবহার করবে। এতে প্রতি বছর আরও ১ কোটি ৩০ লাখ অতিরিক্ত যাত্রী সেবা পাবেন। যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হাইডি আলেকজান্ডার জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশগত লক্ষ্য অর্জনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং বিমান খাতের কার্বন নির্গমন কমাতে ২১ কোটি ৯০ লাখ পাউন্ডের বেশি সবুজ জ্বালানি প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে।

তবে এই রায়ে গভীর হতাশা প্রকাশ করেছেন গেটউইক এরিয়া কনসারভেশন ক্যাম্পেইনের চেয়ারম্যান পিটার বার্কলে। তিনি সতর্ক করে বলেন যে নির্বিচারে বিমানবন্দর সম্প্রসারণের ফলে এলাকাটিতে শব্দদূষণ ও বায়ুদূষণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে। এদিকে একই দিনে লুটন বিমানবন্দর কর্তৃপক্ষও জানিয়েছে যে তাদের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৩ কোটি ২০ লাখে উন্নীত করার ক্ষেত্রে সব আইনি জটিলতা এখন পুরোপুরি কেটে গেছে।

#aknews #onebanglanews #gatwickairport #aviationnews #uknews